উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ছাড়া জনগণের আস্থা ফিরবে না: নুর

উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ছাড়া জনগণের আস্থা ফিরবে না: নুর

উত্তরদক্ষিণ। রবিবার, ১১ মে, ২০২৫, আপডেট ১৫:০০

উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ছাড়া অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা ফিরবে না বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

রবিবার (১১ মে) রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গণ অধিকার পরিষদের সভাপতি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের প্রতি বর্তামান সরকারের কিছু অথর্ব উপদেষ্টা নমনীয় হচ্ছে৷ স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন৷

‘যারা আওয়ামী লীগের পুনর্বাসনে জড়িত, যেসব উপদেষ্টা আওয়ামী লীগের প্রতি নমনীয়তা দেখাচ্ছেন তাদের চিহ্নিত করতে হবে’, যোগ করেন তিনি৷

নুরুল হক নুর বলেন, অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত জাতীয় সরকারে রূপ দিয়ে ড. ইউনূসকে শক্তিশালী করতে হবে৷ জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।

তিনি বলেন, জাতীয় সংলাপের আহ্বান জানাচ্ছি। এর পরেই চট্টগ্রাম বন্দর আর করিডর নিয়ে সিদ্ধান্ত নিতে হবে৷ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ছাড়া, সংস্কার ছাড়া এ সরকারের প্রতি জনগণের আস্থা ফিরবে না।

উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত বিষয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, সরকারের এমন সিদ্ধান্তের সাধুবাদ জানাই। তবে দ্রুততম সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে৷

‘প্রাথমিক বিজয় আসলেও আওয়ামী লীগ চূড়ান্ত নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গণ অধিকার পরিষদ’, যোগ করেন তিনি৷

মো. রাশেদ খান বলেন, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের রূপরেখা দিতে হবে। না হলে আওয়ামী লীগ ফিরে আসার আশঙ্কা দেখা দেবে৷

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading