ইসি পুনর্গঠন ছাড়া কোনো ভোট করতে দেবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটোয়ারী

ইসি পুনর্গঠন ছাড়া কোনো ভোট করতে দেবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটোয়ারী

উত্তরদক্ষিণ। বুধবার (২১ মে) ২০২৫, আপডেট ২১:৩০

বর্তমান নির্বাচন কমিশন বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোট করতে দেবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে। আমরা যতদিন বেঁচে আছি, এই কমিশন পুনর্গঠন করে ছাড়বই।

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন এবং অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বুধবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ কর্মসূচিতে এ কথা বলেন তিনি। সমাবেশে দেড় শতাধিক এনসিপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আগের দিন মঙ্গলবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আজকের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেন সংগঠনের মহাসচিব আখতার হোসেন। এনসিপির ঢাকা মহানগর শাখা এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে আগতরা বক্তব্য রাখেন।

সমাবেশে এনসিপি নেতারা বলেন, ‌২০২২ এর আইনের অধীনে এ ইসি গঠন করা হয়। এনসিপি চায়, সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন ইসি গঠন করতে হবে। অবৈধ নির্বাচনের মেয়র কীভাবে বৈধ হয়? প্রশ্ন রেখে অবিলম্বে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান এনসিপি নেতারা। অন্যথায় তারা নির্বাচন বর্জন করবেন।

বিক্ষোভ কর্মসূচি ঘিরে বুধবার সকাল সাড়ে ১১টা থেকেই এনসিপির বিভিন্ন এলাকার নেতাকর্মীরা মিছিল নিয়ে নির্বাচন ভবনের সামনে অবস্থান নেন। এ সময় সেখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়। সকাল থেকেই পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ড সদস্যদেরও নির্বাচন ভবনের সামনে মোতায়েন করা হয়েছিল। ভবনের সামনের রাস্তায় বসানো হয়েছিল কাঁটাতারের ব্যারিকেডও। বিক্ষোভ সমাবেশে রাজধানীর বিভিন্ন থানা এলাকার প্রতিনিধিদের বক্তব্য শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বক্তব্য দেন।

সমাপনী বক্তব্যে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন বিএনপির দলীয় কার্যালয় হিসেবে কাজ করছে। রক্তের ম্যান্ডেড নিয়ে বিএনপির পক্ষে কাজ করতে পারেন না। ইসিকে আগে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত নিতে হবে। বিভিন্ন জায়গা দালাল চক্র দখল করছে। উপদেষ্টা প্যানেল থেকে বিএনপিপন্থীদের বের করে দেন, আমরা দেখতে চাই। বিএনপির লাশের রাজনীতি শুরু হয়েছে। আওয়ামী লীগের টাকায় বিএনপি বড় বড় কথা বলে। আওয়ামী লীগের টাকায় বিএনপি নগর ভবন বন্ধ করছে।’

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading