সাজার বিরুদ্ধে জোবাইদা রহমানের আপিলের পরবর্তী শুনানি সোমবার

সাজার বিরুদ্ধে জোবাইদা রহমানের আপিলের পরবর্তী শুনানি সোমবার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২২ মে) ২০২৫, আপডেট ২১:৫০

দুদকের মামলায় তিন বছরের সাজার রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের আপিলের ওপর শুনানি শুরু হয়েছে।

মামলার এজাহার, অভিযোগপত্র, সাক্ষীদের সাক্ষ্য ও রায় পাঠের মধ্যদিয়ে বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়। বিচারক পরবর্তী শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেছেন।

আদালতে জোবাইদা রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী এসএম শাহজাহান, কায়সার কামাল ও জাকির হোসেন ভুইয়া। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।

এর আগে গত ১৪ মে দুদকের এই মামলায় জোবাইদা রহমানকে জামিন দেন হাইকোর্ট। একই সঙ্গে সাজার বিরুদ্ধে আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত।ওইদিন আদালতে জোবাইদা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এসএম শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট জাকির হোসেন।

তার আগে গত ১৩ মে সাজার বিরুদ্ধে আপিলের জন্য জোবাইদা রহমানের ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট।জোবাইদা রহমানের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক।

এ মামলার বিচার শেষে ২০২৩ সালের ২ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তারেক রহমানকে দুটি অভিযোগে ৯ বছর ও তার স্ত্রী জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক মো. আছাদুজ্জামান। রায়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ২০০৪-এর ২৬(২) ধারায় তারেক রহমানকে তিন বছর ও ২৭(১) ধারায় ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তাকে তিন কোটি টাকা জরিমানা করা হয়।

জোবাইদা রহমানকে ২৭(১) ধারায় তিন বছর কারাদণ্ড দেওয়া হয়। তাকেও জরিমানা করা হয় ৩৫ লাখ টাকা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading