ইন্ডিয়ার নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিল

ইন্ডিয়ার নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিল

উত্তরদক্ষিণ। শনিবার (২৪ মে) ২০২৫, আপডেট ২৩:৩৫

রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পর এই সংস্করণে ইন্ডিয়ার নতুন অধিনায়ক হলেন শুবমান গিল। ২০ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের সিরিজে ইন্ডিয়ার অধিনায়কত্ব করবেন ২৫ বছর বয়সী এ ব্যাটসম্যান। আজ নতুন টেস্ট অধিনায়ক গিল ও সহ-অধিনায়ক হিসেবে ঋষভ পন্তের নাম ঘোষণা করে ইন্ডিয়ার ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

৭ মে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন রোহিত। এ সংস্করণে তার রানখরা নিয়ে সমালোচনা আগেই ছিল। তবে গত নভেম্বর থেকে জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় বোর্ডার–গাভাস্কার সিরিজে প্রকট রানখরায় ভোগায় প্রচুর সমালোচনা হয়েছে তার। সেই সিরিজে ইন্ডিয়ার সহ-অধিনায়ক ছিলেন পেসার যশপ্রীত বুমরা।

রোহিত টেস্ট ছাড়ার পর বুমরার অধিনায়ক হওয়ার সম্ভাবনা নিয়ে পক্ষে-বিপক্ষে মতামত দিয়েছেন অনেকেই। তবে রোহিতের অবসর নেওয়ার পরের দিন ইএসপিএনক্রিকইনফো জানিয়েছিল, বুমরা নন গিলের নতুন টেস্ট অধিনায়ক হওয়ার সম্ভাবনাই বেশি। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।

বোর্ডার–গাভাস্কার সিরিজে রোহিতের অনুপস্থিতিতে দুটি টেস্টে ইন্ডিয়ার অধিনায়কত্ব করেছিলেন বুমরা। দীর্ঘদিন ধরেই এই পেসার চোটের সমস্যার কারণে সব ম্যাচ খেলতে পারেন না। বেছে বেছে ম্যাচ খেলেন। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বুমরা কিছু ম্যাচ খেলতে পারবেন না, বিসিসিআই এটা বোঝার পর গিলের অধিনায়ক হওয়া অবশ্য সম্ভাব্য ছিল।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading