জুনের ৪ সপ্তাহে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৫৪ কোটি ডলার

জুনের ৪ সপ্তাহে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৫৪ কোটি ডলার

উত্তরদক্ষিণ। রবিবার, ২৯ জুন, ২০২৫, আপডেট ১:২০

চলতি মাসের প্রথম ২৮ দিনে দেশে এসেছে ২৫৩ কোটি ৯২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) যার পরিমাণ ৩১ হাজার ২৩২ কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৭ লাখ ডলার রেমিট্যান্স।

রবিবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, জুনের প্রথম ২৮ দিনে দেশে এসেছে ২৫৩ কোটি ৯২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৫ কোটি ৬৪ লাখ ৬০ হাজার ডলার।
 
এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৬ কোটি ১২ লাখ ৩০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬১ কোটি ৬১ লাখ ৪০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৩ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স।
 
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ২২ থেকে ২৮ জুন পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫৫ কোটি ১ লাখ ৫০ হাজার ডলার। জুনের ১৫ থেকে ২১ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৮০ কোটি ৪৯ লাখ ৭০ হাজার ডলার। ৮ থেকে ১৪ জুন প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ কোটি ৬ লাখ ডলার রেমিট্যান্স। আর জুনের প্রথম সপ্তাহে দেশে রেমিট্যান্স এসেছে ৮৮ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ডলার।
 
এদিকে গত মে মাসে দেশে এসেছে ২৯৬ কোটি ৯৫ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮১ কোটি ৪৮ লাখ ১০ হাজার ডলার।
 
এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৭ কোটি ৩০ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৭ কোটি ৬২ লাখ ১০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স।
  
এর আগে গত মার্চে দেশে এসেছে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। গত এপ্রিলে এসেছে ২৭৫ কোটি ১৯ লাখ ডলার।
 
আর গত ফেব্রুয়ারিতে দেশে প্রবাসী আয় এসেছিল ২৫২ কোটি ৭৬ লাখ ডলার। গত জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading