ঢাকা বারের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ঢাকা বারের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

উত্তরদক্ষিণ। রবিবার (২৯ জুন) ২০২৫, আপডেট ২৩:৪০

ঢাকা আইনজীবী সমিতির অ্যানেক্স ভবন ৩ ও ৪ নির্মাণ ব্যয়ের অর্থ আত্মসাতের অভিযোগে সংগঠনটির বিগত ৩ কার্যনির্বাহী কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ জনকে আসামি করে ঢাকার আদালতে মামলা হয়েছে। ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিগত ঢাকা বারের তিন কমিটির ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রবিবার (২৯ জুন) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বাদীর জবানবন্দি গ্রহণ শেষে সন্ধ্যায় এ আদেশ দেন।

এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে মামলা তিনটি দায়ের করা হয়। ঢাকা আইনজীবী সমিতির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহবুব হোসেন রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন-২০২৪-২৫ মেয়াদের সভাপতি আব্দুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত শাওন, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম মো. আক্তার হোসেন ও ট্রেজারার ওমর ফারুক। এছাড়াও ২০২৩-২৪ মেয়াদের সভাপতি মিজানুর রহমান মামুন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জোবায়ের, সহ-সাধারণ সম্পাদক শ্রী প্রাণনাথ, ও ট্রেজারার বিবি ফাতেমা মুন্নি এবং ২০২২-২৩ মেয়াদের সভাপতি মো. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজুর রহমান মন্টু ও ট্রেজারার নুর হোসেন।

ঢাকা আইনজীবী সমিতির পক্ষে বর্তমান কমিটির সহ সাধারণ সম্পাদক সৈয়দ মইনুল হোসেন অপু, ট্রেজারার আব্দুর রশীদ মোল্লা ও জহিরুল হাসান মুকুল মামলা তিনটি দায়ের করেন।

মাহবুব হোসেন রানা বলেন, এক মামলায় ২০২৪-২৫ মেয়াদের সভাপতি আব্দুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত শাওন, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম মো. আক্তার হোসেন ও ট্রেজারার ওমর ফারুকের বিরুদ্ধে আইনজীবী সমিতির ১১ লাখ ২০ হাজার ৫১১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। অপর এক মামলায় ২০২৩-২৪ মেয়াদের সভাপতি মিজানুর রহমান মামুন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জোবায়ের, সহ-সাধারণ সম্পাদক শ্রী প্রাণনাথ, ও ট্রেজারার বিবি ফাতেমা মুন্নির বিরুদ্ধে ৮ কোটি ৩০ লাখ ৪১ হাজার ২৯০ টাকা এবং তৃতীয় মামলায় ২০২২-২৩ মেয়াদের সভাপতি মো. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজুর রহমান মন্টু ও ট্রেজারার নুর হোসেনের বিরুদ্ধে ২ কোটি ৪৬ লক্ষ ৩৫ হাজার ৪০১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading