রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংক খাতের উন্নয়ন সম্ভব নয়: গভর্নর
উত্তরদক্ষিণ। সোমবার (০৭ জুলাই) ২০২৫, আপডেট ২৩:৪০
রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দেশের ব্যাংক খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
সোমবার (৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘ব্যাংকিং খাত সংস্কারের জন্য রাজনৈতিকভাবে সক্রিয় সদিচ্ছা জরুরি। এ ছাড়া কাঠামোগত দুর্বলতা কাটানো সম্ভব নয়।’
গভর্নর জানান, ব্যাংক খাত সংস্কারে ‘রিস্ক বেসড সুপারভিশন’ পদ্ধতি চালুর প্রস্তুতি চলছে। এ পর্যন্ত ২০টি ব্যাংকের সঙ্গে পরীক্ষামূলক কার্যক্রম (পাইলটিং) শেষ হয়েছে। তিনি বলেন, ‘আগামী ৬ মাসের মধ্যে, অর্থাৎ ডিসেম্বর ৩১ তারিখের মধ্যেই দেশের সব ৬১টি ব্যাংকের সঙ্গে এই পাইলটিং শেষ হবে। এরপর ২০২৬ সালের জানুয়ারির ১ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে এই ব্যবস্থা চালু হবে।’
ব্যাংক খাতে সাম্প্রতিক অনিয়ম ও দুর্বলতার প্রেক্ষাপটে গভর্নর আশ্বস্ত করে বলেন, “দেশের ব্যাংকগুলোতে গ্রাহকদের টাকা নিরাপদ আছে। কিছু দুর্বল আর্থিক প্রতিষ্ঠান টিকে না থাকলেও আমানতকারীদের স্বার্থ আমরা রক্ষা করব। গ্রাহকদের আস্থা হারানো উচিত নয়।”
সংবাদ সম্মেলনে তিনি ব্যাংক খাতের সার্বিক চিত্র, সংস্কার প্রক্রিয়া এবং আগামীর পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া সরকারি ও বেসরকারি ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের নেয়া পদক্ষেপ নিয়েও আলোচনা করেন।
ইউডি/এবি

