ঢাকা মেডিকেল কলেজ খুলছে শনিবার

ঢাকা মেডিকেল কলেজ খুলছে শনিবার

উত্তরদক্ষিণ। বুধবার (৯ জুলাই) ২০২৫, আপডেট ১৯:০০

পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বন্ধ হয়ে যাওয়ার ১৮ দিন পর ঢাকা মেডিকেল কলেজে ফের শিক্ষা কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি খুলে দেওয়া হচ্ছে মেডিকেল কলেজের হোস্টেল। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

সে অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম আগামী ১২ জুলাই শনিবার থেকে শুরু হবে। আর মেডিকেল কলেজের হোস্টেলগুলো খুলে দেওয়া হবে ১১ জুলাই সকাল ৮টা থেকে।

বুধবার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. কামরুল আলম গণমাধ্যমকে বলেন, “শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে চায়। হোস্টেল এবং কলেজ বন্ধ থাকায় তাদের অ্যাকাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।”

নিরাপদ আবাসন সুবিধা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে গত মে মাস থেকে ক্লাস বর্জন করে আসছিলেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ দাবিতে ২১ জুন তারা মেডিকেল কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেন।

ওই কর্মসূচি চলার মধ্যেই ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় কলেজ কর্তৃপক্ষ। সেই সঙ্গে শিক্ষার্থীদের ২২ জুন দুপুর ১২টার মধ্যে হোস্টেল ত্যাগ করতে বলা হয়।

তবে সেদিন সন্ধ্যায় শিক্ষার্থীরা বলেন, তারা হোস্টেল ছাড়বেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবেন।

২৩ জুন বেলা ১১টার দিকে শিক্ষার্থীদের ৭ সদস্যের একটি দল সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। তাদের সঙ্গে ছিলেন অধ্যক্ষ কামরুল আলম। স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা থাকলেও তার বদলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমানের সঙ্গে তারা বৈঠক করেন।

সেখান থেকে বের হয়ে মেডিকেল কলেজের কে-৭৯ ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান সাংবাদিকদের বলেন, মন্ত্রণালয়ের সঙ্গে তাদের বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে। শিক্ষার্থীদের একটি ‘বিস্তারিত আলাপ’ প্রয়োজন ছিল, সেটা হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তাদের কথা ‘মনোযোগ দিয়ে’ শুনেছেন। তবে পরবর্তী করণীয় সম্পর্কে শিক্ষার্থীরা স্পষ্ট কোনো নির্দেশনা পাননি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading