জোহর বাহরুতে কনস্যুলেট জেনারেল স্থাপন হবে: পররাষ্ট্র উপদেষ্টা
উত্তরদক্ষিণ। শুরবার, ১১ জুলাই, ২০২৫, আপডেট ১৯:৩০
মালয়েশিয়া প্রবাসীদের সুবিধার্থে কুয়ালালামপুরের বাইরে জোহর বাহরু-তে কনস্যুলেট জেনারেল অফিস খোলার বিষয়টি উপদেষ্টা পরিষদে অনুমোদন হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে হাইকমিশনের নতুন চ্যান্সারি ভবন পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।
এর আগে হাইকমিশনের নতুন চ্যান্সারি ভবনে পরিদর্শনে গেলে তৌহিদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান হাইকমিশনার মো. শামীম আহসান এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরে, মিশনের মিলনায়তনে সকলের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই হাইকমিশনের কার্যক্রম নিয়ে একটি উপস্থাপনা দেয়া হয়।
এসময় প্রথমবারের মতো কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন এবং মিশনের সদস্যদের সাক্ষাৎ দেয়ার জন্য পররাষ্ট্র উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। এরপর পররাষ্ট্র উপদেষ্টা মিশনের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
পররাষ্ট্র উপদেষ্টা মিশনের কর্মকর্তাদের প্রবাসীদের কল্যাণে আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশনা দেন। বিশেষ করে পাসপোর্ট বিতরণসহ অন্যান্য সেবা প্রদানের ক্ষেত্রে প্রবাসীদের সাথে সংবেদনশীল আচরণ এবং সেবার মান উন্নয়নে সর্বোচ্চ মনোযোগ দেয়ার জন্য তিনি নির্দেশনা দেন।
প্রবাসীদের সুবিধার্থে কুয়ালালামপুরের বাইরে জোহর বাহরু-তে কনস্যুলেট জেনারেল অফিস খোলার বিষয়টি উপদেষ্টা পরিষদে অনুমোদন হয়েছে বলে তিনি জানান। খুব শিগগিরই জোহর বাহরু-তে কনস্যুলেট জেনারেল অফিস কার্যক্রম শুরু করতে পারবে বলে পররাষ্ট্র উপদেষ্টা জানান।
এছাড়া পেনাং-এ কনস্যুলেট জেনারেল অফিস খোলার প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন। মিশনের সকল কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং টিম- স্পিরিট নিয়ে কাজ করার নির্দেশনা দেন তিনি। মিশনের নানামুখী কর্মতৎপরতায় সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা।
এসময় তিনি হাইকমিশনের কার্যক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
ইউডি/এআর

