আবু সাঈদ হত্যা মামলা: পলাতক ২৪ আসামির বিরুদ্ধে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

আবু সাঈদ হত্যা মামলা: পলাতক ২৪ আসামির বিরুদ্ধে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

উত্তরদক্ষিণ। রবিবার, ১৩ জুলাই, ২০২৫, আপডেট ১:১৫

বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় পলাতক ২৪ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা এবং আগামী ২২ জুলাই তাদের হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে অন্য মামলায় গ্রেফতার থাকা আসামি রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ আপিলকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে হাজির করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

রবিবার (১৩ জুলাই) চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার ও আব্দুস সাত্তার পালোয়ান। তাদের সঙ্গে ছিলেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ।

এর আগে ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যা মামলার গ্রেফতার আসামিকে হাজির করা হয়। তারা হলেন, পুলিশের সাবেক এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশ।

গত ৩০ জুন বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একইসঙ্গে এই মামলায় পলাতক থাকা আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

ছাত্র আবু সাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদনে এ হত্যার সঙ্গে ৩০ জনের সম্পৃক্ততার বিষয় উঠে আসে।

ইউডি/এআর

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading