পুরোনো খেলা বন্ধ না হলে আরেক গণঅভ্যুত্থানের প্রস্তুতি নিতে হবে: নাহিদ
উত্তরদক্ষিণ। শুক্রবার (১৮ জুলাই) ২০২৫, আপডেট ২৩:৫৯
পুরোনো খেলা বন্ধ না হলে আরেক গণঅভ্যুত্থানের প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, “এই মাফিয়া সিস্টেমের সঙ্গে আমরা খেলব না, পুরোনো খেলায় অংশগ্রহণ করব না। পুরোনো খেলার বিরুদ্ধেই গণঅভ্যুত্থান হয়েছে, আমরা রক্ত দিয়েছি। ফলে খেলার নিয়ম বদলাইতে হবে।
“কিন্তু আমরা জানি, খেলার নিয়ম এখনও বদলায় নাই। নারায়ণগঞ্জে এখনও খেলা বন্ধ হয় নাই। খেলা বন্ধ না হলে আরেকটা গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিতে হবে।”
শুক্রবার (১৮ জুলাই) বিকালে জুলাই পদযাত্রার অংশ হিসেবে নারায়ণগঞ্জ শহরে পদযাত্রা শেষে চাষাঢ়া গোল চত্বরে পথসভায় তিনি এসব কথা বলেন।
জুলাইয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল, তা বাস্তবায়ন হয়নি মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ রাষ্ট্রকে পরিবর্তনের কথা বলেছিলাম। এই রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন করতে হবে।
“পুরোনো রাষ্ট্র ব্যবস্থার একটা চরম উদাহরণ এই নারায়ণগঞ্জ শহর; যেখানে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র সব মিলেমিশে একাকার। এই একই সিস্টেমে পুরা বাংলাদেশ এত বছর ধরে পরিচালিত হয়ে আসছে।”
“নারায়ণগঞ্জকে কিছু পরিবার বছরের পর বছর নিয়ন্ত্রণ করেছে। এই শহরের ব্যবসা, অর্থনীতি ও রাজনীতি সবকিছু নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা দখলদারিত্ব, চাঁদাবাজি, সন্ত্রাস কায়েম করেছে। সেইসঙ্গে হরণ করেছে জনগণের অধিকার”, যোগ করেন তিনি।
তিনি বলেন, “নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা গণঅভ্যুত্থানে লড়াই করেছিলাম, সেই বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য লড়াই করে যেতে হবে। এই যুদ্ধ সেদিনই শেষ হবে যেদিন পুরোনো বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়ে জনগণের গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করব।”
ইউডি/এবি

