রংপুরে এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১
উত্তরদক্ষিণ। শনিবার, ১৯ জুলাই, ২০২৫, আপডেট ১৪:২৫
রংপুর নগরীর সিউ বাজারে এলপি অটো গ্যাস পাম্পের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত পাঁচ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (১৯ জুলাই) দুপুর একটার দিকে ভয়াবহ এই দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিস্ফোরণের ফলে আশ পাশের প্রায় অর্ধশত ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সেখানে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস টিম কাজ করছে।
রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকৃত এক অজ্ঞাত ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে নিশ্চিত করেন তিনি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, স্টেশনটির গ্যাস সংরক্ষণ ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরেই অবহেলা ছিল। ঠিকমতো রক্ষণাবেক্ষণ না হওয়ায় এই দুর্ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে দুর্ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী এবং অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়। ঘটনার পর এলাকার যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয় এবং সাধারণ জনগণকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়।
গ্যাস স্টেশনের লাইসেন্স, নিরাপত্তা ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ নীতিমালা পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে সেখানে সেনাবাহিনী ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ইউডি/এআর

