গাজায় যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল, দাবি হামাসের
উত্তরদক্ষিণ। শনিবার (১৯ জুলাই), ২০২৫, আপডেট, ১৫:৫০
গাজায় যুদ্ধবিরতি চুক্তির সর্বশেষ প্রস্তাব ইসরায়েল প্রত্যাখ্যান করেছে বলে অভিযোগ তুলেছে হামাস।
শুক্রবার (১৮ জুলাই) প্রকাশিত এক ভিডিও বার্তায় এ দাবি করেন গোষ্ঠীটির কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেইদা। শনিবার (১৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
প্রায় ২০ মিনিটের ওই ভিডিওতে ওবেইদা দাবি করেন, সব জিম্মিকে একযোগে মুক্তির বিনিময়ে সামগ্রিক একটি চুক্তির প্রস্তাব করেছিল হামাস। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার চরম ডানপন্থি মন্ত্রীরা তা বানচাল করে দেন।
তিনি আরও বলেন, এটা এখন স্পষ্ট যে, জিম্মিদের নিয়ে নেতানিয়াহু সরকারের কোনও মাথাব্যাথাই নেই। তবে যুদ্ধাবসানের নিশ্চয়তা, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং প্যালেস্টাইনিদের জন্য পর্যাপ্ত ত্রাণ সহায়তা সম্বলিত একটি চুক্তির পক্ষে এখনও রয়েছে হামাস।
হামাস দীর্ঘ যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত আছে বলে হুঁশিয়ার করে ওবেইদা বলেন, গাজা অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাদের হত্যা বা জিম্মি করা চালিয়ে যেতে তারা চোরাগোপ্তা হামলা বহাল রাখবে।
মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে সম্প্রতি কয়েক দফা আলোচনা চালিয়েছে হামাস ও ইসরায়েল। দোহায় আয়োজিত এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে কাতার।
ইউডি/এবি

