এপ্রিলেই দেখা দেবেন মাইকেল জ্যাকসন!
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, আপডেট ১৪:৪৫
সংগীতপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড় পর্দায় আসছে পপ কিং মাইকেল জ্যাকসনের বর্ণাঢ্য জীবনের গল্প। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মনে শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে বেঁচে থাকা এই কিংবদন্তীর বায়োপিক ‘মাইকেল’ মুক্তি পাবে ২০২৬ সালের ২৪ এপ্রিল।
ছবিটি প্রযোজনা করছেন গ্রাহাম কিং। শুরু থেকে তারকা হয়ে ওঠার পথ, ব্যক্তিগত জীবনের নানা ঝড় এবং কীভাবে তিনি সারা বিশ্বে ‘পপ কিং’ হিসেবে নিজের প্রভাব বিস্তার করেছিলেন। সবকিছুই বিস্তারিতভাবে তুলে ধরা হবে এই বায়োপিকে।
প্রথমে অক্টোবরে মুক্তির কথা থাকলেও নির্মাতারা মুক্তির তারিখ পিছিয়েছেন, যা দর্শকদের মধ্যে আরও কৌতূহল বাড়িয়েছে। ছবিটির শুটিং ২০২৪ সালে শেষ হলেও পরে কিছু অংশের পরিবর্তন এবং নতুন করে কাজ শুরু হয়।
জানা গেছে, অ্যান্টইন ফুকুয়া পরিচালিত এবং জন লোগান রচিত এই ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করবেন তার আপন ভাইপো, জাফর জ্যাকসন। প্রয়াত কাকার জীবনের প্রতিটি বাঁক, তার উত্থান-পতনের গল্প এবং সঙ্গীতের প্রতি তার অদম্য ভালোবাসা নিঁখুতভাবে ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ নিয়েছেন জাফর।
‘মাইকেল’ ছবিতে আরও অভিনয় করছেন কোলম্যান ডোমিংগো (পিতা জো জ্যাকসন), নিয়া লং (মাতা ক্যাথরিন জ্যাকসন), মাইলস টেলার (আইনজীবী ও উপদেষ্টা জন ব্রাঙ্কা), লারেনজ টেট (মোটাউন রেকর্ডসের প্রতিষ্ঠাতা বেরি গর্ডি), লরা হ্যারিয়ার (সংগীত নির্বাহী সুজান দে পাস), ক্যাট গ্রাহাম (ডায়ানা রস), জেসিকা সুলা (বড় বোন লা টোয়া জ্যাকসন), লিভ সাইমোন (গ্ল্যাডিস নাইট), কেভিন শিনিক (ডিক ক্লার্ক), কেইলিন ডারেল জোনস (বিশ্বস্ত নিরাপত্তাকর্মী বিল ব্রে) এবং কেনড্রিক স্যাম্পসন (সংগীত পরিচালক কুইন্সি জোনস)।
একসময় দুটি পর্বে মুক্তির পরিকল্পনা থাকলেও, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি একক ছবি হিসেবেই মুক্তি পাবে ‘মাইকেল’। এই ছবিটি জ্যাকসনের ভক্তদের জন্য নিঃসন্দেহে একটি বিশেষ উপহার হতে চলেছে, যেখানে তারা তাদের প্রিয় তারকার জীবনের অজানা অধ্যায়গুলো জানতে পারবেন।
ইউডি/কেএস

