শিগগিরই বৈঠকে বসবেন ট্রাম্প-পুতিন: ক্রেমলিন
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (৭ আগস্ট) ২০২৫, আপডেট ২১:২০
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী কয়েক দিনের মধ্যে বৈঠকে বসতে রাজি হয়েছেন বলে জানিয়েছে ক্রেমলিন। বৈঠকটি সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের ব্যাপারে আশা প্রকাশ করেছেন পুতিন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিবিসি ও রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন রাশিয়া টুডে এসব তথ্য জানিয়েছে। ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ বলেছেন, ট্রাম্প-পুতিনের বৈঠক আগামী সপ্তাহেই হতে পারে। বৈঠকের স্থান নির্ধারণ করা হয়েছে, তবে সেটি পরে প্রকাশ করা হবে।
তবে রাশিয়া টুডে জানিয়েছে, বৃহস্পতিবার মস্কোতে সংযুক্ত আরব আমিরাতের নেতা মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন পুতিন। পরে সাংবাদিকরা তার কাছে বৈঠকের সম্ভাব্য স্থান সম্পর্কে জানতে চান। এ সময় রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার অনেক বন্ধু রয়েছে যারা এ বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত। আমিরাত একটি বিকল্প হতে পারে।
ট্রাম্প ও পুতিনের সম্ভাব্য এই বৈঠকের আগে, গতকাল বুধবার আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন। ইউরি উশাকভ বলেছেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে তা ‘গ্রহণযোগ্য’।
এর আগে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ বন্ধে আলোচনা করতে তিনি খুব শিগগিরই রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পারেন। ইউক্রেনে যুদ্ধবিরতিতে সম্মত না হলে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য যে সময়সীমা ট্রাম্প বেঁধে দিয়েছেন, তা শেষ হবে শুক্রবার।
ইউডি/এবি

