জুলাই আন্দোলনে হামলা মামলার আসামি পেলেন সাহসী সাংবাদিক সম্মাননা

জুলাই আন্দোলনে হামলা মামলার আসামি পেলেন সাহসী সাংবাদিক সম্মাননা

উত্তরদক্ষিণ। বুধবার (১৩ আগস্ট) ২০২৫, আপডেট ২৩:২০

জুলাই গণ-অভ্যুত্থানে সাহসী সম্মাননা পেয়েছেন ফরিদপুরের জুলাই আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি শেখ ফয়েজ আহমেদ। এ খবর জানাজানি হওয়ার পরে সাংবাদিক মহল ও সাধারণ মানুষের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে।

বুধবার (১৩ আগস্ট) এই সম্মাননা পাওয়ার বিষয়টি জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন ফয়েজ আহমেদ। এতে তিনি জানান, সাংবাদিকতায় ২০২৪ সালে সাহসিকতাপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে তাকে সম্মাননা পত্র, ক্রেস্ট ও চেক দেওয়া হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে সাংবাদিক মহল ছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সমালোচনা শুরু হয়।

বুধবার দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল জেলার সিনিয়র তথ্য কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এ ঘটনার লিখিত প্রতিবাদ জানায়। তারা বিতর্কিত ব্যক্তিকে দেওয়া সম্মাননা প্রত্যাহার ও প্রকৃত সাহসী সাংবাদিকদের মূল্যায়নের দাবি জানান। এ প্রতিনিধি দলে ছিলেন আবরার নাদিম ইতু, কাজী রিয়াজ, সোহেল রানা, মাহমুদুল হাসান ওয়ালিদ প্রমুখ।

ফরিদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে জুলাই আন্দোলনে হামলা মামলার আসামিকে সাহসী সম্মাননা প্রদানের ঘটনাকে জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের অবদানের অবমূল্যায়ন বলে অভিহিত করা হয়।

জানা গেছে, শেখ ফয়েজ আহমেদ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ফরিদপুর জেলা কমিটির সভাপতি। এছাড়া বঙ্গবন্ধু সামাজিক সাংস্কৃতিক পরিষদের ব্যানারেও তাকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি পালন করতে দেখা গেছে। আওয়ামী লীগ সরকারের শেষ দিকে জেলার সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদে ছিলেন তিনি। এ সময় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করা হয়। গ্রাহকদের টাকা আত্মসাতের মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এ ছাড়া তার বিরুদ্ধে কারসাজির মাধ্যমে ফরিদপুর সমবায় ব্যাংক ভবনের পাঁচটি দোকান বিক্রির মাধ্যমে মোটা অংকের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন ব্যক্তি জানান, গণঅভ্যুত্থানের সময়েও তিনি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের প্রতি আস্থা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দেন। আন্দোলনকারীদের শিক্ষার্থীদের অনেককে তিনি শিবির ট্যাগ দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেন।

গত বছরের ১০ অক্টোবর ফরিদপুরে জুলাই গণ-অভ্যুত্থানে হামলার ঘটনায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন শেখ মুজাহিদুল ইসলাম। ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীদের ওপর হামলার একমাত্র মামলা এটি। শেখ হাসিনাকে প্রধান আসামি করে দায়েরকৃত ওই মামলায় শেখ ফয়েজ আহমেদ এজাহারভুক্ত ৯৭ নম্বর আসামি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading