সংস্কার ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণার নিন্দা জানাই: জামায়াতের নায়েবে আমির
উত্তরদক্ষিণ। শুক্রবার (১৫ আগস্ট) ২০২৫, আপডেট ২৩:০০
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, সংস্কার এবং সাংবিধানিক পরিবর্তন যদি না হয়, তাহলে আমরা আবার আগের জায়গায় চলে যাব। আমরা ওনার এই বক্তব্যটিকে সমর্থন করি। এর আগে উনি যে পদক্ষেপ নিয়েছেন- সংস্কার ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা, আমরা এর নিন্দা জানাই। আমরা মনে করি এখনও সংস্কারের অনেক সময় রয়েছে। সংস্কারকে আইনি ভিত্তি দিতে হবে এবং সংস্কারের পরেই নির্বাচন।’
শুক্রবার (১৫ আগস্ট) বিকালে কুমিল্লার স্থানীয় এক মিলনায়তনে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ডা. তাহের বলেন, ‘আমরা বলেছি, শুধু পিআর নয়, সংস্কারের ভিত্তিতে ও নির্বাচন হতে হবে। সংস্কারকে আইনি ভিত্তি দিতে হবে। কোনও ধরনের সংস্কার, পরিবর্তন ছাড়া আমরা যদি আবারও আগের মত নির্বাচন করি- তাহলে আমাদের আবারও আওয়ামী বাজে সময়ে ফিরতে হবে। আমরা এত লড়াই সংগ্রাম তো আবার আওয়ামী লীগের পচা সময়ে ফিরে যাওয়ার জন্য করিনি।’
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমির মোহাম্মদ শাহজাহান, সাবেক উপজেলা আমির ভিপি সাহাব উদ্দিন, উপজেলা জামায়াতে সহকারী সেক্রেটারি,আব্দুর রহিম, জামায়াত নেতা আয়ুব আলী ফরায়েজী, জয়নাল আবেদীন পাটোয়ারী ও বিভিন্ন উপজেলা ইউনিয়ন থেকে আগত ভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধিরা।
ইউডি/এবি

