বামপন্থি জোটের প্যানেল ঘোষণা মঙ্গলবার : ভিপি ইমি, জিএস মেঘমল্লার

বামপন্থি জোটের প্যানেল ঘোষণা মঙ্গলবার : ভিপি ইমি, জিএস মেঘমল্লার

উত্তরদক্ষিণ। সোমবার (১৮ আগস্ট) ২০২৫, আপডেট ১৭:২০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বামপন্থি ছাত্র সংগঠনগুলোর সমন্বিত জোট গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা। তবে তারা প্যানেলের নাম ঘোষণা করেননি। জোটের পক্ষ থেকে ভিপি পদে মনোনয়ন নিয়েছেন শামছুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি ও জিএস পদে ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি মেঘমল্লার বসু।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে মনোনয়ন ফরম নেন তারা। পরে সেখানে সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি উপস্থাপন করেন ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু। মঙ্গলবার (১৯ আগস্ট) জোটের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে বলে জানান তিনি।

জানা গেছে, ভিপি পদে শেখ তাসনিম আফরোজ ইমি, জিএস পদে মেঘমল্লার বসু, এজিএস পদে জাবির আহমেদ জুবেল, মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন পদে মোজাম্মেল হক ফরম সংগ্রহ করেছেন।

গণতান্ত্রিক ছাত্রজোটের দাবিগুলো হলো–

১. অনতিবিলম্বে আওয়ামী লীগ শাসনামলে শিক্ষার্থী নিপীড়নের সঙ্গে জড়িত সব ব্যক্তির তালিকা প্রকাশ করে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। সব নিপীড়কের প্রার্থিতা বাতিল করতে হবে।

২. জুলাই অভ্যুত্থান চলাকালে ছাত্র হত্যার পক্ষে সম্মতি উৎপাদনকারী নীল দলের শিক্ষকদের হলের প্রভোস্ট পদ থেকে অপসারণ করতে হবে।

৩. রূপরেখা প্রণয়ন কমিটিকে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ও নির্বাচনী প্রচারণার নিয়মনীতি কী হবে সেই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিতে ও তা বলবৎ করতে হবে।

৪. ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনের অন্তত ১৫ দিন আগে থেকে সব পরীক্ষা স্থগিত করতে হবে ও নির্বাচনের দিন অনাবাসিক শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে বাড়তি পরিবহনের ব্যবস্থা করতে হবে। ভোটকেন্দ্রের অপর্যাপ্ততা দূর করতে হবে।

৫. অনলাইন ভিত্তিক গুজব ও ডিসইনফরমেশনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শক্ত ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে খোলা অথচ গুজব ও কুৎসা ব্যবহার করে একটি রাজনৈতিক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে রত সব গ্রুপ ও পেজের বিরুদ্ধে প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

৬. ক্যাম্পাসে নানা ইস্যুকে কেন্দ্র করে মব পরিস্থিতি তৈরি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা কীভাবে মোকাবিলা করবে তার সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করতে হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading