জুলাইয়ে এডিপি বাস্তবায়ন কমেছে
উত্তরদক্ষিণ। সোমবার (১৮ আগস্ট) ২০২৫, আপডেট ২১:৫০
নতুন অর্থবছরের (২০২৫-২৬) প্রথম মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হার গত বছরের রাজনৈতিক ডামাডোলের মধ্য দিয়ে যাওয়া জুলাইয়ের চেয়ে পিছিয়ে রয়েছে।
গত জুলাইয়ে এডিপির অর্থ ব্যয় হয়েছে বরাদ্দের শূন্য দশমিক ৬৯ শতাংশ; যা আগের ২০২৪-২৫ অর্থবছরের একই মাসে ছিল ১ দশমিক ০৫ শতাংশ।
সোমবার এডিপি বাস্তবায়নের সবশেষ তথ্য প্রকাশ করে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ— আইএমইডি।
এবার ‘কাটছাঁটের’ বাজেট দেওয়ার পরও এত কম বাস্তবায়নকে ‘ভালো লক্ষণ’ হিসেবে দেখছেন না পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পর ব্রিফিংয়ে এসে তিনি বলেন, “আমি দেখলাম, প্রকল্পের বাস্তবায়ন এই এক মাসের, মানে জুলাইয়ের বাস্তবায়ন হাতে এসেছে, দেখলাম- এটা তো এক শতাংশেরও কম। এটা গত বছরের থেকেও কম। এটা ভালো লক্ষণ না।
“গতবছর তো অনেক কারণে প্রকল্প বাস্তবায়নে ধীর গতি ছিল। এ বছর তো আরও গতিশীল হওয়ার কথা। আগের বছরের অজুহাত এবছর দেওয়া চলবে না।”
তিনি বিগত সরকারের সময়ের প্রকল্প পরিচালকদের বদলি ও ঠিকাদারদের পলায়নকে এর পেছনে একটা কারণ হিসেবে দেখছেন। কারণ অনেক জায়গায় নতুন ঠিকাদার ‘নিযুক্ত হয়নি’ বলে তুলে ধরেন তিনি।
তবে চলতি অর্থবছর সম্পর্কে উপদেষ্টা বলেন, “ইচ্ছা করেই ‘বাস্তবসম্মত’ রাখা হয়েছে আকারের দিক থেকে। কাজেই এটা পূর্ণভাবে বাস্তবায়িত হবে- এটা আমাদের লক্ষ্য।
“কাজেই আমরা সব মন্ত্রণালয়কে এখন তাগিদ দেব যে, এখন তো আর কোনো অজুহাত দেওয়া চলবে না। এখন প্রকল্পগুলো স্বাভাবিক গতিতে যেন চলে।”
আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ নির্বাচনের ঘোষণা হওয়ায় ডিসেম্বর বা জানুয়ারিতেই সংশোধিত এডিপি ঘোষণার পরিকল্পনার কথাও তিনি তুলেন।
জুলাইয়ে মোট ১ হাজার ৬৪৪ কোটি ৪৪ লাখ টাকা ব্যয় হয়েছে, যা গত জুলাইয়ে ছিল ২ হাজার ৯২২ কোটি ৩৬ লাখ টাকা।
ইউডি/এবি

