একাদশে ভর্তি: দ্বিতীয় ধাপের আবেদন শুরু
উত্তরদক্ষিণ। শনিবার (২৩ আগস্ট) ২০২৫, আপডেট ২১:৫০
বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তি হতে দ্বিতীয় ধাপের আবেদন নেওয়া শুরু হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) থেকে শুরু হওয়া এ আবেদন করা যাবে সোমবার রাত ৮টা পর্যন্ত।
একাদশে ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিসে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
অনলাইনে http://www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা দ্বিতীয় দফায় ভর্তির আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে ২২০ টাকা আবেদন ফি জমা দিতে হবে তাদের।
এর আগে ২০ অগাস্ট সন্ধ্যায় একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। এতে ১০ লাখ ৪৫ হাজারের বেশি শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।
প্রথম ধাপে আবেদন করেও প্রায় ২৮ হাজার শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য নির্বাচিত হননি। তাদের মধ্যে ৫ হাজার ৭০০ এর বেশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী পছন্দের কলেজ পাননি।
শুক্রবার রাত ৮টা পর্যন্ত প্রথম ধাপে নির্বাচিতরা নির্বাচন নিশ্চায়ন করতে পেরেছিলেন।
ভর্তির নীতিমালা অনুসারে আগামী ২৮ অগাস্ট রাত ৮টায় দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল ও প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। ২৯ ও ৩০ অগাস্ট দ্বিতীয় পর্যায়ের নির্বাচন নিশ্চায়ন করতে হবে।
৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে। ৩ সেপ্টেম্বর রাত ৮টায় তৃতীয় পর্যায়ের আবেদনের ফল ও দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। ৪ অগাস্ট তৃতীয় পর্যায়ের নির্বাচন নিশ্চায়ন করতে হবে। ৫ অগাস্ট সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।
একাদশে ভর্তি প্রক্রিয়া চলবে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। আর ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর।
ইউডি/এবি

