ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর গাড়ি খাদে, ৮ সেনাসদস্য আহত
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, আপডেট ১৪:৪০
রাজশাহীর মোহনপুরে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে পড়ে আট সেনা সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে মোহনপুর মডেল টাউনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর ৫টার দিকে মোহনপুর মডেল টাউনের পাশে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে পিছন থেকে ট্রাক ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর টহল গাড়ি ও ট্রাক পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা আট সেনা সদস্য আহত হন।
তাদের মধ্যে গুরুতর সিপাহী মো. জুয়েল রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ দিকে ট্রাকচালক বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন বলেও জানান ওসি আতাউর রহমান।
ইউডি/এআর

