বেনাপোল দিয়ে ইন্ডিয়া থেকে এলো আরও ৪২০ টন চাল

বেনাপোল দিয়ে ইন্ডিয়া থেকে এলো আরও ৪২০ টন চাল

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, আপডেট ১৯:৩০

বেনাপোল স্থলবন্দর দিয়ে তৃতীয় চালানে আরও ৪২০ মেট্রিক টন চাল এসেছে। এনিয়ে ২৭টি ট্রাকে তিন দিনে ৯৪৫ মেট্রিক টন মোটা চাল আমদানি হয়। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন, রবিবার (২৪ আগস্ট) ৬টি ট্রাকে ২১০ মেট্রিক টন ও বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় ১২ ট্রাকে ৪২০ মেট্রিক টন চাল বন্দরে প্রবেশ করেছে।

আমদানিকারকরা জানান, দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার ইন্ডিয়া থেকে মোটা চাল আমদানির উদ্যোগ নিয়েছে। এতে অভ্যন্তরীণ বাজারে চালের দাম কমে আসবে বলে আশা করা হচ্ছে।

আমদানিকারক প্রতিষ্ঠান গনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুস সামাদ বলেন, গত বৃহস্পতিবার, রবিবার এবং বুধবার তিন চালানে ২৭টি ট্রাকে ৯৪৫ মেট্রিক টন মোটা চাল আমদানি করেছি। চাল ছাড়করণের জন্য আমাদের পক্ষে সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ বেনাপোল কাস্টমস হাউজে সব কার্যক্রম দেখাশুনা করছে। আরও চালবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধি বাবলুর রহমান বলেন, বুধবার আমদানিকৃত চাল ছাড়করণের জন্য কাস্টমসে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কাস্টমস ক্লিয়ারেন্সের মাধ্যমে চালগুলোর খালাস প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, চার মাস বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। তিন চালানে ৯৪৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে এ বন্দর দিয়ে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, আমদানিকৃত চাল দ্রুত ছাড়করণের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে সর্বশেষ চলতি বছরের ১৫ এপ্রিল এ বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading