নির্বাচন বানচালে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে: তারেক রহমান
উত্তরদক্ষিণ। রবিবার (৩১ আগস্ট) ২০২৫, আপডেট ২২:১৫
জাতীয় নির্বাচন বানচালে ‘ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে’ উল্লেখ করে সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।
রবিবার (৩১ আগস্ট) বিকালে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দেশের বর্তমান পরিস্থিতি তু্লে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই আহ্বান জানান।
তিনি বলেন, ‘‘আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা রকম ষড়যন্ত্র ডালপালা মেলতে শুরু করেছে।”
‘‘তবে জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে আমরা বিশ্বাস করি কোনও ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না, ইনশাআল্লাহ। সবাইকে সর্তক থাকতে হবে।”
দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘‘৪৭ বছরের গৌরবান্বিত পথচলায় বিএনপি বরাবরই দেশের গণতন্ত্রকামী জনগণের সহযোগিতা এবং সমর্থন পেয়ে এসেছে।”
‘‘আসুন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে জনগণের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই—গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ থেকে বিএনপি যেমন অতীতে বিচ্যুত হয়নি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা বিচ্যুত হবে না। আপনার দল, আপনাদের দল, আমাদের দল বিএনপির শেকড় এই বাংলাদেশ। জনশক্তি জনবল বিএনপির মনোবল।’’
রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক এই আলোচনা সভা হয়। অনুষ্ঠানে বিএনপির ওপর নির্মিত একটি তথ্যচিত্র দেখানো হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘‘দেশের স্থিতিশীল পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, অথবা জটিল করে তোলা হচ্ছে। বিবেক হচ্ছে মানবসমাজের সবচেয়ে বড় আদালত। এই বিবেকের আদালতেই আজ আমাদের আত্মজিজ্ঞাসা করা দরকার, নির্বাচন হতে দেওয়া হবে না—এই ধরনের উচ্চারণ ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্যকে দুর্বল করবে, নাকি পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থানের প্রাসঙ্গিকতা তৈরি করবে।”
‘‘আমি বলবো, এখনও সময় আছে। আমাদের সতর্ক হওয়া দরকার। পরাজিত পলাতক অপশক্তি কিন্তু সুযোগের অপেক্ষায় ওঁত পেতে রয়েছে।”
ইউডি/এবি

