চাকসুর চূড়ান্ত তালিকায় যুক্ত নতুন ১৭৬৮ ভোটার
উত্তরদক্ষিণ। রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১০:৫৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া ভোটার তালিকার বাইরে নতুন করে যুক্ত হয়েছেন আরো ১৭৬৮ জন শিক্ষার্থী।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এতে মোট ভোটারের সংখ্যা বলা হয়েছে ২৭ হাজার ৬৩৮ জন। তবে হল ভিত্তিক ভোটারের সংখ্যা এখনও জানা যায়নি।
এর আগে ১ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন ২৫ হাজার ৮৬৬ জন শিক্ষার্থী।
এ ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ.কে.এম. আরিফুল হক সিদ্দিকী জানান, লাস্ট কলে যে সকল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তাদের নাম খসড়া তালিকায় এড কর ছিল না, ফলে তাদের নাম নতুন করে সংযুক্ত হওয়ায় ভোটারের সংখ্যা বেড়েছে।
একইসঙ্গে যে সকল ভোটারের ব্যাপারে অসংগতি উঠেছিল ডিপার্টমেন্ট তাদের নামগুলো বাদ দিয়ে এবং নতুনগুলো যুক্ত করে চূড়ান্ত তালিকা আমাদের কাছে পাঠিয়েছে আমরা সেগুলো যুক্ত করেছি।
তফসিল অনুযায়ী রবিবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে বিকাল সাড়ে তিনিটা পর্যন্ত নির্বাচন কমিশনের অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। এজন্য কেন্দ্রীয় সংসদের প্রার্থীদের ৩০০টাকা ফি ও হল সংসদ প্রার্থীদের ২০০ টাকা ফি প্রদান করতে হবে।
মনোনয়ন পত্র যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণ সমাপ্তির পরপরই ভোট গণনা শুরু হবে।
ইউডি/রেজা

