দুর্গাপূজা উপলক্ষে জমে উঠেছে পোশাকের বাজার

দুর্গাপূজা উপলক্ষে জমে উঠেছে পোশাকের বাজার

উত্তরদক্ষিণ। সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৩:১০

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আগামী ২৮ সেপ্টেম্বর। বর্তমানে উৎসবের প্রস্তুতি চলছে দেশজুড়ে। প্রতিমা সাজানোর পাশাপাশি এ উৎসবকে কেন্দ্র করে নগরীর মার্কেটগুলোতে জমে উঠেছে পোশাকের বাজার।

বিক্রেতারা জানিয়েছেন, গতবারের চেয়ে এবার বিক্রি ভালো। এদিকে পূজা উপলক্ষে কেনাকাটায় বিশেষ ছাড় দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। বিশেষ কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন হাউসগুলো। ইনফিনিটি, লা রিভ, আড়ং, ইয়োলো, বিশ্বরঙ, আঞ্জনস্, জেন্টাল পার্ক, প্লাস পয়েন্ট, দেশি দশসহ বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে এসেছে নতুন কালেকশন।

পূজা উপলক্ষে কাপড়ের মার্কেট ও শোরুমগুলোতে নারীদের জন্য সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন রংয়ের থ্রি-পিস, জামদানি শাড়ি, কাতান শাড়ি, লেহেঙ্গা ও তাঁতের শাড়ি।

ছেলেদের জন্য রয়েছে বাহারি ডিজাইনের ধুতি, শর্ট পাঞ্জাবি, শার্ট, টি- শার্ট, প্যান্ট। তাছাড়াও জুতার দোকাগুলোতে রয়েছে বিভিন্ন রকমের জুতা। রয়েছে বাচ্চাদের বাহারি পোশাক।

বসুন্ধরা শপিং মলে দেখা যায়, নিচ তলায় শিশুদের দোকানগুলোতে চলছে কেনাবেচা। মার্কেট ঘুরে দেখা যায় কেউ শাড়ি কিনছে, কেউ পাঞ্জাবি, কেউ আবার কিনছে জুতা। প্রায় সবার হাতেই ছিল শপিং ব্যাগ। প্রতিটি দোকানেই ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

পলি সরকার, পুরান ঢাকার নারিন্দা থেকে এসছেন বসুন্ধরা শপিং মলে পরিবারের জন্য পূজার কেনাকাটা করতে। তিনি বলেন, নিজের জন্য একটা শাড়ি ও মেয়ের জন্য টপস আর থ্রি-পিস এবং ছেলের জন্য পাঞ্জাবি কিনেছি। এখন শ্বশুর-শাশুড়ি ও বাবা-মা এবং আত্মীয় স্বজনের জন্য কেনাকাটা করতে হবে।

আরেক ক্রেতা ডা. সৌরভ সরকার থাকেন রাজধানীর কলাবাগানে। এবার পূজায় গ্রামের বাড়ি পাবনায় যাবেন। তাই বাড়ির সবার জন্য পোশাক কিনেছেন। তিনি বলেন, মায়ের জন্য শাড়ি, বাবার জন্য পাঞ্জাবি ও জুতা কেনা হয়েছে। এখনও আত্মীয় স্বজনের জন্য পোশাক কিনতে হবে।

প্লাস পয়েন্টের বিক্রেতা আজিজুল হাকিম বলেন, গতবারের চেয়ে এবার একটু ভালো বিক্রি হচ্ছে।

বসুন্ধরা শপিং মলের আড়ং-এর সেলস ম্যান সোহেল রানা বলেন, আমাদের বিক্রি ভালো হচ্ছে। আজকে যে ক্রেতা এসেছে তার ৮০ শতাংশ পূজা উপলক্ষে কিনতে এসেছে।

এদিকে নিউমার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, খিলগাঁও তালতলা মার্কেট, মৌচাক মার্কেট, ইস্টান প্লাজা, চাঁদনী চক ও গাউছিয়ার বেশিরভাগ শাড়ির দোকানদার ব্যস্ত সময় পার করছেন।

দোকানি ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের পূজার বাজারে নারীদের শাড়ি ও সালোয়ার-কামিজের চাহিদা বেশি। কাতান, জর্জেট, সিল্ক ও এমব্রয়ডারি দিয়ে কাজ করা শাড়ির প্রতি আগ্রহ বেশি ক্রেতাদের। কদর রয়েছে টাঙ্গাইলের তাঁত ও জামদানি শাড়িরও।

ধানমন্ডি হকার্স মার্কেটের ‘ননি শাড়ি ঘর’ এর মালিক কাওছার জানান, এবারের পূজার বাজারে নারীদের সিল্ক, তাঁত ও জামদানি শাড়ির চাহিদা বেশি দেখছি। এ বছর বিগত বছর গুলোর থেকে বেচা কেনা ভালো।

নিউমার্কেটের ইমিটেশনের গয়নার দোকানগুলোতেও চলছে বিক্রির ধুম। নারীরা পোশাকের সঙ্গে মিলিয়ে কিনছেন চুড়ি, গলার হার, আংটিসহ নানা রকম অলঙ্কার।

পোশাকের পাশাপাশি মেয়েদের জুয়েলারি, সিঁদুর, চুড়িসহ অন্যান্য অনুষঙ্গ বেশ ভালোই বিক্রি হচ্ছে বলে জানালেন দোকানিরা।

পূজা সামনে রেখে ডিজিটাল বাজারগুলোও সরব হয়েছে। অনলাইনে চলছে নানা পোশাকের প্রচারণা, সঙ্গে বিক্রিও বেশ ভালো বলে জানান ব্যবসায়ীরা। অনেকে অনলাইনে ও অফলাইন দুভাবেই বিক্রি করছে। কোনো কোনো পেইজ দিচ্ছে কাস্টমাইজড সুবিধা।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২৮ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে আগামী ২ অক্টোবর। বর্তমানে উৎসবের প্রস্তুতি চলছে দেশজুড়ে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading