পিআরের দাবিতে যুগপৎ আন্দোলনে চরমোনাই পীরের দলও

পিআরের দাবিতে যুগপৎ আন্দোলনে চরমোনাই পীরের দলও

উত্তরদক্ষিণ। সোমবার (১৫ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট ২১:১০

নির্বাচনের পূর্বে জুলাই সনদের বাস্তবায়ন, সংস‌দের উভয় ক‌ক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, নির্বাচনী লেভেল–প্লেইং ফিল্ড, গণহত্যার বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের বিচারের দাবিতে যুগপৎ আন্দোলনে যোগ দিচ্ছেন চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন ১৮ সেপ্টেম্বর রাজধানী ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল সমাবেশ করবে।

ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলনের আগে জামায়াতে ইসলামী পাঁচ দফা দাবিতে পৃথক সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা করে। এ দলটিও ১৮, ১৯ এবং ২৬ সেপ্টেম্বর বিক্ষোভ করবে। মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস গত রোববার সংসদের উচ্চকক্ষে পিআরসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলনে একই কর্মসূচি ঘোষণা করেছে।

আবদুল বাছিত আজাদের নেতৃত্বাধীন খেলাফত মজলিস সোমবার পৃথক সংবাদ সম্মেলনে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচনসহ ছয় দফা দাবিতে ১৮ সেপ্টেম্বর রাজধানী ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।

গত শনিবার এই চার দল ছাড়াও বৈঠক করে এনসিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ এবং নেজামে ইসলাম পার্টি। এনসিপি সংসদের উভয়কক্ষে নয়, শুধু উচ্চকক্ষে পিআর চায়। একই অবস্থান গণঅধিকার এবং এবি পার্টির। দলগুলো জুলাই সনদের বাস্তবায়ন এবং আওয়ামী লী‌গের সহ‌যোগীদের নিষিদ্ধের দা‌বিকে সমর্থন করলেও, ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলনে যাচ্ছে না।

জুলাই সনদের যে সংস্কারগুলো কার্যকরে জন্য সংবিধান সংশোধন করতে হবে, সেগুলো আগামী সংসদে পরবর্তী দুই বছরে বাস্তবায়ন চায় বিএনপি। জামায়াত, ইসলামী আন্দোলন এবং খেলাফতের দুই অংশ নির্বাচনের আগে সংবিধান সংশোধন চায়।

সংবাদ সম্মেলনে চরমোনাই পীর তথা ইসলামী আন্দোলনে আমির বলেছেন, ইসলামী দলগুলো জোটবদ্ধ হওয়ার কাছাকাছি রয়েছে। আগামী নির্বাচনে দেশ ও মানবতাপ্রেমীদের ভোট এক বাক্সে আনতে কাছাকাছি রয়েছে। এ রকম একটা পরিবেশ আল্লাহর রহমতে তৈরি হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading