আবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন ইন্ডিয়া
উত্তরদক্ষিণ। সোমবার (২৯ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট, ০০:৪০
এশিয়া কাপের ফাইনাল যেন রূপ নিল নাটকীয় পতনের গল্পে। ১ উইকেটে ১১৩ রানে পাকিস্তান যখন অপ্রতিরোধ্য ভঙ্গিতে এগোচ্ছিল, তখনো কেউ ভাবেনি শেষ পর্যন্ত মাত্র ১৪৬ রানে গুটিয়ে যাবে তারা। ৪৪ বল হাতে থাকা অবস্থায় পতন হয় বাকি ৯ উইকেটের। তাও আবার ধসটা হয়েছে মাত্র ৩৩ রানের ব্যবধানে! তার পরও আগের দুই লড়াইয়ের মতো সহজ হয়নি ম্যাচ। এবারের লড়াই ছড়িয়েছে রোমাঞ্চ। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ শেষ ওভারে গিয়ে জিতেছে ভারত। ৫ উইকেটের জয়ে শিরোপা থাকলো তাদেরই হাতে। ইন্ডিয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করেছে দুই বল হাতে রেখে।
শাহেবজাদা ফারহান ব্যাট হাতে ঝড় তুলেছিলেন। ঝড়ো ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি তুলে নিয়ে ভারতের বোলারদের চাপে ফেলে দিয়েছিলেন। কুলদীপ যাদবের প্রথম দুই ওভারে ২৩ রান নেন পাকিস্তানি ব্যাটাররা। চোটের কারণে হার্দিক পান্ডিয়ার না থাকা ইন্ডিয়ার জন্য ছিল উদ্বেগজনক।
কিন্তু হঠাৎ করেই সব বদলে যায়। ১৩তম থেকে ১৮তম ওভার পর্যন্ত প্রায় প্রতিটি ওভারে একটি করে উইকেট পড়তে থাকে পাকিস্তানের। কুলদীপ নিজের শেষ ওভারে একাই তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
শেষ কাজটা সেরে দেন জসপ্রীত বুমরা। প্রথম স্পেলে পাকিস্তানি ব্যাটারদের সঙ্গে কথার লড়াইয়ের পর তিনি শেষ ওভারে হারিস রউফকে বোল্ড করেন। এরপর উদযাপনে কিছু পতনের ভঙ্গি করে রউফের আগের সপ্তাহের ইশারার জবাব দেন।
ইউডি/এবি

