দারুণ বোলিংয়ে পাকিস্তানকে গুঁড়িয়ে দিলো বাংলাদেশ

দারুণ বোলিংয়ে পাকিস্তানকে গুঁড়িয়ে দিলো বাংলাদেশ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২ অক্টোবর) ২০২৫, আপডেট, ১৯:০০

বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচে বল হাতে দুর্দান্ত সূচনা করলো টাইগ্রেস বোলাররা। ব্যাট হাতে কোনো সুবিধাই করতে পারল না পাকিস্তান।

কলম্বোতে বৃহস্পতিবার (২ অক্টোবর) প্রথমে ব্যাট করতে নেমে ৩৮.৩ ওভারে ১২৯ রানে গুঁড়িয়ে গেল পাকিস্তানের ইনিংস। বাংলাদেশের পক্ষে ৫ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন স্বর্ণা আক্তার। মাত্র ৩.৩ ওভার বল করে নিজের প্রথম ৩ ওভারই মেইডেন নিয়েছেন এ স্পিনার। ২টি করে উইকেট তুলে নিয়েছেন মারুফা আক্তার ও নাহিদা আক্তার।

এদিন বল হাতে শুরুতেই পাকিস্তানকে চাপে ফেলেছিলেন পেসার মারুফা। প্রথম ওভারেই পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন তিনি। তার সুইংয়ে কাবু হয়ে বোল্ড হয়ে শূন্য রানে ফিরে যান ওমাইমা সোহেল ও সিদরা আমিন। তৃতীয় উইকেট কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে ফাতিমা সানার দল। মুনিবা আলী ও রামিন শামীম মিলে গড়ে ৪২ রানের জুটি। ৩৫ বলে ১৭ রান করা মুনিবাকে ফিরিয়ে সে জুটি ভাঙেন নাহিদা। এর কিছুক্ষণ পর শামীমকেও সাজঘরে ফেরান নাহিদা। ৩৯ বলে ২৩ রান করে এ ব্যাটার।

দলীয় ৬৭ রানে পঞ্চম উইকেট হারায় পাকিস্তান। ২০ বলে ১৫ রানে রাবেয়া খানের বলে এলবিডব্লিউ হন সিদরা নাওয়াজ। আলিয়া রিয়াজ ও ফাতিমা সানার কল্যাণে শতরানে পৌঁছায় পাকিস্তান। ৪৩ বলে ১৩ রান করে নিশিতা আক্তার নিশির শিকার হন আলিয়া। ৩৩ বলে ২২ রান করে ফাহিমা খাতুনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ফাতিমা। শেষদিকে ডায়ানা বাইগের ২২ বলে অপরাজিত ১৬ রানের কল্যাণে আরও কিছু রান স্কোরকার্ডে যোগ করে পাকিস্তান।

জয়ের জন্য লক্ষ্যটা সহজই বলা চলে নিগার সুলতানা জ্যোতিদের জন্য। ৫০ ওভারের ম্যাচে ওভারপ্রতি প্রয়োজন মাত্র ২.৬ রান। ব্যাটাররা বড় কোনো ভুল না করলে জয় দিয়েই ওয়ানডে বিশ্বকাপ মিশন শুরুর সুযোগ টাইগ্রেসদের।

বল হাতে নেয়া বাংলাদেশিদের ছয়জন-ই এদিন উইকেটের দেখা পেয়েছেন। স্বর্ণা, নাহিদা ও মারুফার বাইরে ১টি করে উইকেটের দেখা পেয়েছেন ফাহিমা খাতুন, রাবেয়া খান ও নিশিতা আক্তার নিশি। 

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading