ইন্ডিয়ায় আটক ১৮ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

ইন্ডিয়ায় আটক ১৮ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫, আপডেট ১৩:৪৫

সাতক্ষীরার আমুদিয়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১৮ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) কাছে হস্তান্তর করেছে সীমান্তে ইন্ডিয়ার সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

সাতক্ষীরার তলুইগাছা ক্যাম্পের বিজিবি সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর রাত ১০টার দিকে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার হাকিমপুর সীমান্ত থেকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেকীর ভড়ভড়িয়া গ্রামের মো. জিন্টু, তার স্ত্রী রাবেয়া খাতুন, ছেলে রায়হান মোল্যা, একই উপজেলার আবাদচণ্ডিপুর গ্রামের মহব্বত ঢালী, তার স্ত্রী রিজিয়া খাতুন ও ছেলে ইয়াছিন ঢালী, মমতাজ পারভীন, স্বামী নুর ইসলাম, মেয়ে জীম খাতুন, দাতনেখালী গ্রামের মো. ওমর ফারুক, রুপা খাতুন, মেয়ে জান্নাতি খাতুনসহ খুলনা জেলার বয়রা গ্রামের ফারুক সরদার স্ত্রী রিনা বেগম, তিন মেয়ে সুমাইয়া খাতুন, রুমি খাতুন ও মামনি খাতুন ছেলে সাকিব সরদারকে আটক করে বিএসএফ।

পরদিন সন্ধ্যায় এ বিষয়ে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বাংলাদেশের সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের তলুইগাছা বিজিবি বিওপি কমান্ডার নায়েক সুবেদার আবুল কাসেমের নেতৃত্বে পতাকা বৈঠক হয়। এরপর বিজিবির কাছে তাদের হস্তান্তর করা হয়। বুধবার রাতে বিজিবির পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় তাদের সোপর্দ করা হয়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রফিকুল ইসলাম জানান, আটকদের পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading