পটুয়াখালীতে র্যাবের গাড়ি দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত ২৯
উত্তরদক্ষিণ। শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, আপডেট ১৪:২৮
পটুয়াখালী সদর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যদের পিকনিকের গাড়ি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে দুই বছরের এক শিশুর। আহত হয়েছেন অন্তত ২৯ জন। নিহত ও আহতদের সবাই র্যাবের গাড়িতে ছিলেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
শনিবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লার পক্ষিয়া এলাকায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, র্যাব-৮ এর একটি গাড়ি বরিশাল থেকে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিল। একই সময়ে কুয়াকাটা থেকে বরিশালগামী ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে আসলে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের শব্দে আশপাশের লোকজন ছুটে আসে এবং উদ্ধার তৎপরতা শুরু করে।
স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় র্যাবের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর ভেতরে আটকে পড়েন একাধিক সদস্য।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন জানান, আমরা ঘটনাস্থল থেকে ১৩ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছি। সেখানে দুই বছরের এক শিশুর মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তামান্না রহমান বলেন, দুর্ঘটনার পর ২০-২২ জন আহতকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে শিশুটি মারা গেছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে পটুয়াখালী জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রায় এক ঘণ্টা কাজ করে।
স্থানীয়দের দাবি, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে অতিরিক্ত গতিতে যান চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
ইউডি/রেজা

