আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, নিম্ন কক্ষে নই: সারজিস আলম
উত্তরদক্ষিণ। সোমবার (১৩ অক্টোবর) ২০২৫, আপডেট ২৩:২০
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় উচ্চকক্ষে (জাতীয় সংসদের দ্বিতীয় কক্ষ) প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি বাস্তবায়নযোগ্য হতে পারে। তবে নিম্নকক্ষে (বর্তমান জাতীয় সংসদে) এই পদ্ধতির পক্ষে নয় এনসিপি।
সোমবার (১৩ অক্টোবর) জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘উচ্চকক্ষে যদি পিআর কার্যকর হয় এবং সফলতা পায়, ভবিষ্যতে মানুষ সিদ্ধান্ত নেবে নিম্নকক্ষেও তা প্রযোজ্য হবে কি না। তবে এই মুহূর্তে আমরা কেবল উচ্চকক্ষে পিআরের পক্ষে স্পষ্ট অবস্থান নিচ্ছি।’
তিনি আরও বলেন, বিচার, সংস্কার ও জুলাই সনদের অগ্রগতি সন্তোষজনকভাবে এগোলেই গণতান্ত্রিক ধারায় ফেরার পথ সুগম হবে। সেক্ষেত্রে একটি স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করছে এনসিপি।
এনসিপিকে সংগঠিত করে তুলতে কাজ চলছে জানিয়ে সারজিস বলেন, ‘সাংগঠনিকভাবে যত শক্তিশালী হবো, ততই সংসদে জনগণের প্রতিনিধিত্বের হার বাড়বে।’
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠনের আলোচনাও চলছে বলে জানান তিনি। তবে এককভাবে নির্বাচনেও প্রস্তুত এনসিপি। তিনি আরও জানান, “জোট হলেও আমরা ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ নামেই নির্বাচনে অংশ নেব এবং শাপলা প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করব।”
ইউডি/এবি

