৫৬তম বিশ্ব মান দিবস আজ

৫৬তম বিশ্ব মান দিবস আজ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, আপডেট ০৮:৪০

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ৫৬তম বিশ্ব মান দিবস (World Standards Day) পালিত হবে। পণ্য ও সেবার মান বৃদ্ধির মাধ্যমে সচেতনতা সৃষ্টির লক্ষ্য নিয়ে প্রতিবছর এই দিনটি বিশ্বব্যাপী উদযাপিত হয়। এ বছরের প্রতিপাদ্য হলো ‘A Shared Vision for a Better World’ অর্থাৎ ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব নির্মাণে – মান’।

বিশ্ব মান দিবসের এই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশসহ বিভিন্ন দেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এ বছর বিশেষভাবে এসডিজি গোল-১৭ এর ওপর গুরুত্বারোপ করা হয়েছে, যার মূল বার্তা হলো ‘অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব’। উন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে অর্থ, প্রযুক্তি, বাণিজ্য, সক্ষমতা বৃদ্ধি ও নীতিগত সুসংগঠনের মাধ্যমে সহযোগিতা জোরদার করাই লক্ষ্য।

জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মাধ্যমে এসডিজি ১৭ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিএসটিআই দেশের উৎপাদিত পণ্যের মান নিশ্চিত করে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখছে। শিল্প প্রতিষ্ঠান, উৎপাদনকারী ও আমদানিকারকদের দায়িত্ব হলো বিএসটিআই’র নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে টেকসই ও পরিবেশবান্ধব পণ্য তৈরি করা। অন্যদিকে, ভোক্তাদের উচিত মানসম্পন্ন পণ্য বেছে নেওয়া ও মান বিষয়ে সচেতন থাকা।

সরকার, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশের মানসম্পন্ন শিল্প প্রতিষ্ঠা সম্ভব হবে এবং এসডিজির অন্যান্য লক্ষ্য অর্জনে সহায়তা করবে।

বিশ্ব মান দিবস উপলক্ষে বিএসটিআই প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলোতে আলোচনা সভা ও প্রচার-প্রচারণা কার্যক্রম গ্রহণ করেছে। এছাড়া, বিটিআরসি’র সহযোগিতায় বিভিন্ন মোবাইলে ক্ষুদেবার্তা (এসএমএস) পাঠানো হচ্ছে এবং রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড প্রদর্শিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে ১৪ অক্টোবর সকাল ১০:৩০ টায় বিএসটিআই’র আয়োজনে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, ঢাকায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। বিশেষ বক্তাদের মধ্যে থাকবেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর এবং কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি এ.এইচ.এম. সফিকুজ্জামান।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাসিব চৌধুরী মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। সভায় সভাপতিত্ব করবেন বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading