কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে রেকর্ড আছে: তাহের

কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে রেকর্ড আছে: তাহের

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, আপডেট ১৩:৩০

অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষের হয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর মৎসভবনের সামনের সড়কে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। জামায়াতে ইসলামীর এ নায়েবে আমির বলেন,
একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতির পছন্দের ভোটে কার্যকরী সংসদ গঠন হবে। অথচ, প্রশাসনকে আবারও দলীয়করণের চেষ্টা চলছে।

‘একটি দল কথায় কথায় সংস্কার চায়। আবার ঐকমত্যের কথায় তাদের পাওয়া যায় না। জুলাই সনদ বাস্তাবায়নের জন্য যেভাবে মাঠে নামতে হবে, সেভাবেই মাঠে নামবো আমরা’, যোগ করেন মোহাম্মদ তাহের।

জামায়াতের এ নেতা অভিযোগ করে বলেন, ‘দলীয়করণে ডিসি, এসপি ও ইউএনও নিয়োগ দেয়া হচ্ছে। সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষের হয়ে নিয়োগ নিয়ন্ত্রণ করছে। কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত আছে, আমাদের কাছে এর রেকর্ড আছে।’

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন,
প্রশাসনের ভেতরে ষড়যন্ত্র ঠেকাতে হবে। এখানে আরও মনোযোগ দিতে হবে। এটি করতে না পারলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। যেসব উপদেষ্টা একটি দলকে বিশেষ সুযোগ করে দিচ্ছেন, তাদের প্রত্যাহার করুন। নভেম্বরে গণভোট দিন। পিআর দাবি মেনে নিন। খুনিদের বিচার করুন। সুষ্ঠু ও ন্যায়পরায়ণ বিচার করুন। যেনতেন বিচার জামায়াত চায় না।

জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হওয়ার হাত থেকে বাঁচাতে গণভোটের বিকল্প নেই মন্তব্য করে তিনি বলেন, স্বদিচ্ছা থাকলে ২১ দিনেও গণভোট করা সম্ভব। জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে নির্বাচন সংক্রান্ত ত্রুটি ধরা পড়বে।

‘৫ দফা দাবি আদায়ের জন্য যা যা দরকার সব করবো পর্যায়ক্রমে। তাওয়া গরম করছি এখন থেকে। জামায়াত দখলবাজি করে না, চাঁদাবাজি করে না। জামায়াত জনগণের জন্য রাজনীতি করে। জামায়াত ক্ষমতায় গেলে কৃষকের সব ঋণের সার্টিফিকেট মামলা তুলে ফেলা হবে’, যোগ করেন জামায়াতের এ নেতা।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading