জুলাই সনদের চূড়ান্ত খসড়া দলগুলোর হাতে
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১৪ অক্টোবর) ২০২৫, আপডেট ২৩:৫৫
সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সংলাপে নেওয়া সিদ্ধান্ত যাতে পরবর্তী সরকারের সময়ও বাস্তবায়ন করা হয়, তা নিশ্চিত করতে জাতীয় জুলাই সনদ-২০২৫ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিলে সংযুক্ত করার বিষয়টি অঙ্গিকারনামায় রেখে চূড়ান্ত করা হয়েছে এ ‘রাজনৈতিক সমঝোতার’ দলিল।
মঙ্গলবার রাতে ৪০ পৃষ্ঠার এই সনদ ৩৩টি রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে ঐকমত্য কমিশন। শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে তাতে স্বাক্ষর করবে দলগুলো। তবে কয়েকটি দল স্বাক্ষর অনুষ্ঠানে না যাওয়ার ইংগিত দিয়েছে।
কমিশনের সহ সভাপতি আলী রীয়াজ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, “রাজনৈতিক দল ও জোটগুলোর সাথে আলোচনার মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছে। জুলাই জাতীয় সনদ ২০২৫ এর চূড়ান্ত ভাষ্য আপনার অবগতির জন্য পাঠানো হল।”
সনদের কপি রাত পৌনে ৯টায় পেয়েছেন জানিয়ে সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “এই মাত্র হাতে পেলাম, দল বা জোটের সাথে আলোচনা হয়নি। এখানে যা দেখলাম, তাতে ভূমিকায় এর আগেও আমরা বলেছিলাম, এটাতে ইতিহাস যথাযতভাবে তুলে ধরা হয়নি।”
সনদ সইয়ের অনুষ্ঠানে যোগ না দেওয়ার ইঙ্গিত করে তিনি বলেন, “এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, যার বিরোধিতা আমরা শুরু থেকে করে আসছি। আমরা তখনও বলেছি, চার মূলনীতির প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না। কিন্তু এই সনদে আমরা দেখলাম, তারা চার মূলনীতি ভিন্নভাবে উপস্থাপন করেছে, যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।”
পাশাপাশি বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে অঙ্গীকার সনদে রাখা হয়েছে, তাতে ভিন্নমত রয়েছে সিপিবির।
প্রিন্স বলেন, “বাস্তবায়ন পদ্ধতিতে আমরা যা দিয়েছিলাম, তা চোখে পড়ে নাই। সুতরাং এই ধরনের স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়া যাবে কি না সেটা দল ও জোটের সাথে আলোচনা করে দেখব। তবে এই ধারা অব্যাহত থাকলে আমাদের পক্ষে এই সনদের পক্ষে কথা বলার মত পরিবেশ নেই।”
সনদের কপি পাওয়ার কথা জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, তারা সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন। চূড়ান্ত সনদের বিষয়বস্তুর সঙ্গে তাদের ‘তেমন ভিন্নমত নেই’।বাংলাদেশ ভ্রমণ
বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা বলেন, “সনদের কপি পেয়েছি, তবে বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য যে অঙ্গীকারনামা দিয়েছে, সেখানে আমরা শুরু থেকেই বিরোধিতা করে আসছি। আমরা স্বাক্ষর করে দিয়ে এলাম, আর তারা তাদের মত করে বাস্তবায়ন করবে, সেটা মেনে নেওয়া যায় না। সুতরাং স্বাক্ষর অনুষ্ঠানে যাব কিনা সেটা দল ও জোটগতভাবে সিদ্ধান্ত নেব।”
ইউডি/এবি

