ভোলায় অটোরিকশা-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
উত্তরদক্ষিণ। রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, আপডেট ১১:২৫
ভোলার লালমোহনে সিএনজিচালিত অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কবির হোসেন (৪০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অটোরিকশা ও ট্রাকটি জব্দ করেছে।
রবিবার (১৯ অক্টোবর) সকাল ৭টায় উপজেলার ডাওরী বাজার এলাকার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কবির হোসেন ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকার রৌদ্রের হাটের বাসিন্দা। তিনি প্রবাস যাওয়ার জন্য পাসপোর্ট আনতে ভোলায় যাচ্ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে অটোরিকশাটি চরফ্যাশন থেকে যাত্রী নিয়ে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। এরপর অটোরিকশাটি লালমোহনের ডাওরী বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা এক মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই কবির হোসেনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কবির হোসেন নামের এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও অটোরিকশা ও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইউডি/রেজা

