নিম্নচাপে রূপ নিলো লঘুচাপটি, উত্তাল সাগর

নিম্নচাপে রূপ নিলো লঘুচাপটি, উত্তাল সাগর

উত্তরদক্ষিণ। শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, আপডেট ১২:২০

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। এর ফলে সাগর উত্তাল রয়েছে। এমন পরিস্থিতিতে দেশের সব সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানো হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদফতরের দেয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

আবহাওয়া বিদ খোন্দকার হাফিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তীতে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ ভোর ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩২০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১২৪৫ কিলোমিটার, মোংলা থেকে ১৩২০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এমন পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেইসঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের নির্দেশ দেয়া হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading