অলাভজনক প্রতিষ্ঠানের নামে অর্পিত সম্পত্তির ইজারা মূল্যের হার নির্ধারণ

অলাভজনক প্রতিষ্ঠানের নামে অর্পিত সম্পত্তির ইজারা মূল্যের হার নির্ধারণ

উত্তরদক্ষিণ। সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, আপডেট ১৮:১০

অবাণিজ্যিক ও অলাভজনক উদ্দেশ্যে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, দাতব্য প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠানের অনুকূলে ইজারা দেওয়া অর্পিত সম্পত্তির ইজারা মূল্যের হার নির্ধারণ করে দিয়েছে সরকার।

সম্প্রতি এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়েছে। অর্থ বিভাগের অনুমোদনের পর এ পরিপত্র জারি করা হয়েছে।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরিপত্রে অবাণিজ্যিক ও অলাভজনক উদ্দেশ্যে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান/ধর্মীয় প্রতিষ্ঠান/দাতব্য প্রতিষ্ঠান/সরকারি প্রতিষ্ঠান/সামাজিক প্রতিষ্ঠানের অনুকূলে ইজারা দেওয়া অর্পিত সম্পত্তির বিষয়ে পৃথক কোন নির্দেশনা ছিল না।

পরিপত্রে বলা হয়েছে, নির্ধারিত ইজারা মূল্য কার্যকরের পর থেকে দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক বা ধর্মীয় প্রতিষ্ঠান ইজারা মূল্য পরিশোধ করতে পারছে না বলে সরকারের গোচরে এসেছে। জাতি গঠন ও সমাজ বিনির্মাণ প্রক্রিয়ায় এ সব প্রতিষ্ঠানের ইতিবাচক ভূমিকা রয়েছে বিবেচনায় উল্লিখিত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে ইজারা দেওয়া অর্পিত সম্পত্তির ইজারামূল্যের হার যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করা সমীচীন।

এ অবস্থায়, শুধুমাত্র অবাণিজ্যিক ও অলাভজনক উদ্দেশ্যে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান/ধর্মীয় প্রতিষ্ঠান/দাতব্য প্রতিষ্ঠান/সরকারি প্রতিষ্ঠান/সামাজিক প্রতিষ্ঠানের অনুকূলে ইজারা দেওয়া অর্পিত সম্পত্তির ইজারা মূল্যের হার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

প্রতি শতক কৃষি জমি (স্থাপনার জমি ছাড়া) উপজেলা এলাকায় ২০ টাকা ও পৌর এলাকায় ৫০ টাকা। প্রতি শতক অকৃষি জমি (স্থাপনার জমি ছাড়া) উপজেলা এলাকায় ৩০ টাকা ও পৌর এলাকায় ৬০ টাকা।

প্রতি বর্গফুট কাঁচা ঘর (মেঝে কাচা/পাকা, টিনের বেড়া ও টিনের চাল) উপজেলা এলাকায় এক টাকা ৫০ পয়সা এবং পৌরসভায় ৫ টাকা। আধা পাকা ঘর (মেঝে পাকা, দেয়াল পাকা ও টিনের চাল) উপজেলায় দুই টাকা পৌর এলাকায় ৬ টাকা এবং পাকা ঘর (দালান) উপজেলা এলাকার ৫ টাকা ও পৌর এলাকায় ৮ টাকা।

প্রতি শতক অকৃষি জমি (স্থাপনার জমি ছাড়া) সিটি কর্পোরেশন এলাকায় (ঢাকার দুই সিটি কর্পোরেশন ছাড়া) ৮০ এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১৬০ টাকা।

প্রতি বর্গফুট কাঁচা ঘর (মেঝে কাঁচা/পাকা, টিনের বেড়া ও টিনের চাল) সিটি কর্পোরেশন (ঢাকার দুই সিটি কর্পোরেশন ছাড়া) এলাকায় ৬ টাকা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১২ টাকা। আধা পাকা ঘর (মেঝে পাকা, দেয়াল পাকা ও টিনের চাল) সিটি কর্পোরেশন (ঢাকার দুই সিটি কর্পোরেশন ছাড়া) এলাকায় ৮ টাকা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১৬ টাকা। পাকা ঘর (দালান) সিটি কর্পোরেশন (ঢাকার দুই সিটি কর্পোরেশন ছাড়া) এলাকায় ১০ টাকা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ২০ টাকা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading