সংশোধিত ফলে ৪৪তম বিসিএসে সুপারিশ পেলেন ১৬৮১ প্রার্থী
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, আপডেট ০৮:০০
১,৬৮১ জন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়ে ৪৪তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি।
গতকাল বৃহস্পতিবার রাতে এ ফলাফল প্রকাশ করে পিএসসি বিজ্ঞপ্তি জারি করেছে। পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্যমতে, রিপিট ক্যাডার হওয়ায় প্রথম দফায় সুপারিশ পাওয়াদের মধ্য থেকে ২৬০ জন বাদ দেওয়া হয়েছে। আর রিপিট ক্যাডার পাওয়া ৪৩ জনকে উচ্চতর পছন্দের ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে।
এছাড়া শূন্যপদে নন-ক্যাডার থেকে মেধাক্রম অনুযায়ী ২৫৭ জনকে নতুন করে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।
গত ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছিল। তাতে ৩০৩ জন প্রার্থী রিপিট ক্যাডারে (আগের কোনো বিসিএসে একই ক্যাডারে নিয়োগ পেয়ে কর্মরত) সুপারিশপ্রাপ্ত হন। এ নিয়ে সমালোচনা শুরু হলে বিধি পরিবর্তনের উদ্যোগ নেয় পিএসসি। প্রায় পাঁচ মাস পর অক্টোবরের শেষ সপ্তাহে বিধি সংশোধন অনুমোদন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর সংশোধিত ফল প্রকাশ করল পিএসসি।
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন এবং সংশোধিত বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪- এর বিধি ১৭ অনুযায়ী, এক হাজার ৭১০টি বিজ্ঞাপিত শূন্য পদের বিপরীতে মোট এক হাজার ৬৮১ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
পিএসসি জানায়, ৩০ জুন প্রকাশিত ফলাফলে সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে ৩০৩ জন লিখিতভাবে জানিয়েছেন যে, তারা বর্তমান কর্মরত একই ক্যাডার পদে বা তার চেয়ে নিচের কোনো পদে যোগদান করবেন না। এ সংকট কাটাতে বিধি সংশোধন করা হয়।
অন্যদিকে, বিএড বা এমএড সনদ না থাকায় পাঁচজন প্রার্থীর (রেজিস্ট্রেশন নম্বর ১১১৪৫০৯৫, ১১০৬৪৮০৬, ১১০৮৮০৯৮, ১১০৭৫৭৩৮ এবং ১৩০০৫৮৬৯) অনুকূলে দেওয়া ‘প্রভাষক, টিচার্স ট্রেনিং কলেজ’ ক্যাডারের মনোনয়ন বাতিল করা হয়েছে।
ইউডি/কেএস

