খালেদা জিয়ার আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন জোবায়ের

খালেদা জিয়ার আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন জোবায়ের

উত্তরদক্ষিণ। রবিবার (৯ নভেম্বর) ২০২৫, আপডেট ২০:৪০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় কমিটি এবং প্রচার ও প্রকাশনা সেলের সদস্য এহসানুল মাহবুব জোবায়ের।

রবিবার (৯ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মনোনয়নপত্র নেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-১ আসনের প্রার্থী। এর আগে খালেদা জিয়ার আসনে কাউকে মনোনয়ন দেওয়া হবে না- এ ঘোষণার পরও এ আসনে জোবায়েরকে মনোনয়নপত্র দিয়েছে দলটি।

মনোনয়ন নেওয়ার বিষয়ে এহসানুল মাহবুব জোবায়ের ইত্তেফাক ডিজিটালকে বলেন, ‘আগামী ১৩ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন বিক্রির কার্যক্রম চলবে। আমি ফেনী-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসন থেকে মনোনয়ন সংগ্রহ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়াকে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। সেদিক থেকে বগুড়া-৭ আসনটি এনসিপির পক্ষ থেকে ছাড় দেওয়ার একটি প্রাথমিক কথা হয়েছে।’

জোবায়ের আরও বলেন, ‘ফেনীতেও নতুন নেতৃত্ব দরকার। দেশ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণদের নেতৃত্বেই নতুন বাংলাদেশ গঠিত হয়েছে। আমি ফেনীর সন্তান। ফেনীতে থেকেই মানুষের জন্য কাজ করতে চাই। আশা করি দল আমাকে মনোনয়ন দেবেন।’

এনসিপি নেতা জোবায়ের জানান, ‘আগামী ১৫ নভেম্বর (শনিবার) ১০০-১৫০ জনের প্রার্থিতা ঘোষণা করবে এনসিপি। এরপর নভেম্বরেই আরও দুই ধাপে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করবে দলটি।’

এহসানুল মাহবুব জোবায়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। তিনি ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা থেকে ২০১৪ সালে মাধ্যমিক ও ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। তিনি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য।

এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাকের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের অর্থ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রচার ও প্রকাশনা সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, ফেনী জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্যসহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেবামূলক সংগঠনে কাজ করেছেন। এছাড়াও তিনি ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা হিসেবে আছেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading