আমেরিকায় আটক ৬ শতাধিক অভিবাসীকে মুক্তির নির্দেশ আদালতের
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, আপডেট ১৬:১৫
আমেরিকায় অভিবাসনবিরোধী অভিযানে আটক ৬১৫ ব্যক্তিকে মুক্তির আদেশ দিয়েছেন দেশটির একজন ফেডারেল বিচারক।
স্থানীয় সময় বুধবার (১২ নভেম্বর) আমেরিকার ন্যাশনাল ইমিগ্রেশন জাস্টিস সেন্টার (এনআইজেসি) ও আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) দায়ের করা এক মামলায় এই রায় দেন মার্কিন জেলা আদালতের বিচারক জেফ্রি কামিংস।
সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, গত জুনে ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযান শুরুর পর থেকে অন্তত ৩ হাজার মানুষকে আটক করা হয়েছে বলে এসিএলইউ ও এনআইজেসি জানায়।
আদালতের রায় অনুযায়ী ২১ নভেম্বর দুপুরের মধ্যে উল্লেখিত ৬১৫ জন আটককে মুক্তি দিতে হবে। রায়ে বিচারক কামিংস বলেন, ‘যে সব ব্যক্তি সমাজের জন্য বড় কোনো ঝুঁকি সৃষ্টি করবে না এবং যাদের বিরুদ্ধে কোনো বাধ্যতামূলক আটকাদেশ নেই তাদের সবাইকে মুক্তি দিতে হবে।’
আমেরিকার ন্যাশনাল ইমিগ্রেশন জাস্টিস সেন্টারের আইনজীবী মার্ক ফ্লেমিং বলেন, অভিবাসনবিরোধী অভিযান শুরুর পর ৩ হাজার মানুষকে গ্রেফতার করা হয়। যার মধ্যে কমপক্ষে ১ হাজার ১০০ জন স্বেচ্ছায় দেশ ছেড়ে চলে গেছেন সংগঠনটি জানায়।
এদিকে মানবাধিকার সংস্থার আবেদনের ভিত্তিতে দেয়া এই রায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন ও যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি। হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন এক বিবৃতিতে বলেন, প্রতি ধাপে কিছু এক্টিভিস্ট বিচারক, মদদদাতা রাজনীতিবিদ ও সহিংস দাঙ্গাকারীরা আইন প্রয়োগকারী সংস্থাকে এ ধরনের বেআইনি অভিবাসীদের গ্রেফতারে বাধা দিচ্ছেন।
তিনি আরও বলেন, ‘এখন একজন অ্যাক্টিভিস্ট বিচারক ৬১৫ জন অবৈধ অভিবাসীকে মুক্তি দিয়ে মার্কিন নাগরিকদের জীবন সরাসরি ঝুঁকিতে ফেলছেন।’
ট্রাম্প প্রশাসনের আইনজীবীরা শুক্রবার পর্যন্ত আদালতের রায়ের স্থগিতাদেশের আবেদন করলেও আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন কিনা এই বিষয়ে কিছুই জানায়নি আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি।
এর আগে পোর্টেল্যান্ডে অভিবাসীদের মিছিলে ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল গার্ড মোতায়েনকে অবৈধ বলে রায় দিয়েছিল ফেডারেল আদালত।
ইউডি/রেজা

