দুই ছেলে নিয়ে ‘জুটোপিয়া ২’ প্রিমিয়ারে শাকিরা
উত্তরদক্ষিণ। শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, আপডেট ১৫:৫০
চলতি মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ডিজনির অ্যানিমেটেড চলচ্চিত্র ‘জুটোপিয়া ২’। তার আগেই অনুষ্ঠিত হয়ে গেল সিনেমাটির প্রিমিয়ার শো। যেখানে দুই ছেলে নিয়ে অংশ নেন মার্কিন পপ গায়িকা শাকিরা।
শনিবার (১৫ নভেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে শাকিরা বেশ কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, ‘জুটোপিয়া ২’ প্রিমিয়ারের জাদুকরী রাত আর সেরা দুই সঙ্গী।
শাকিরা আরও লেখেন, আশা করি তুমিও এই সিনেমা আমাদের মতোই পছন্দ করবে! এই ২৬শে নভেম্বরেই প্রেক্ষাগৃহে সবার সঙ্গে দেখা হবে!
জ্যারেড বুশ এবং বায়রন হাওয়ার্ড পরিচালিত ইভেট মেরিনো প্রযোজিত ‘জুটোপিয়া ২’ সিনেমা ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘জুটোপিয়া’র সিক্যুয়েল। এবারের সিনেমায় দেখা যাবে নতুন পুলিশ অফিসার জুডি হপস এবং তার সঙ্গী শিয়াল নিক ওয়াইল্ড একটি কঠিন কেসের তদন্ত করবে, যেখানে তাদের অসম অংশীদারিত্বের পরীক্ষা হবে।
অ্যানিমেটেড সিনেমায় জুডি হপস চরিত্রে কন্ঠ দিয়েছেন গিনিফার গুডউইন ও নিক ওয়াইল্ড চরিত্রে কন্ঠ দিয়েছেন জেসন বেটম্যান। মার্কিন গায়িকা শাকিরা কন্ঠ দিয়েছেন জুটোপিয়া ২ সিনেমার বড় পপ তারকা গ্যাজেলের চরিত্রে।
সিনেমার বিভিন্ন চরিত্রে আরও কন্ঠ দিয়েছেন ফরচুন ফেইমস্টার, অ্যান্ডি স্যামবার্গ, ইদ্রিস এলবা,প্যাট্রিক ওয়ারবার্টন, কুইন্টা ব্রুনসন, নেট টরেন্স, ব্রেন্ডা সং, ম্যাকাওলি কুলকিনের মতো তারকারা। সিনেমাটি আগামী ২৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
ইউডি/কেএস

