প্রযোজকের খরচ কমাতে যে পদক্ষেপ সালমান-আমিরের
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, আপডেট ১৪:১৫
সিনেমা বানাতে গিয়ে অনেক সময় শিল্পীদের নিজস্ব প্রয়োজনেও খরচ করতে হয় প্রযোজকদের। আর যদি বড় তারকা হয় তাহলে তো কথাই নেই। বিভিন্ন আবদার মেটাতে গাঁটের পয়সা খরচ করতে হয়। এখানেই ব্যতিক্রম সালমান খান ও আমির খান।
ভারতীয় সংবাদমাধ্যেমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সালমান-আমিরের এ তথ্য সামনে এনেছেন বলিউডের দুই কোরিওগ্রাফার পীযূষ ভগৎ ও সাজিয়া শামজি।
সম্প্রতি তারা জানান, আমির বা সালমান কখনও তাদের ব্যক্তিগত কোনো খরচ প্রযোজনা সংস্থার ওপর চাপান না। তারা তাদের ব্যক্তিগত খরচ নিজেরা বহন করেন। ছবির শুটিং ফ্লোরে টিমের অংশ হয়ে ওঠেন তারা।
পীযূষ ও সাজিয়া জানান, সালমানের শুটিং সেটে হাজির থাকে তার ‘বিইং হিউম্যান ফুড ট্রাক’। বিভিন্ন রকম সুস্বাদু খাবার থাকে তাতে। ভাইজান নিজে খাওয়ার পাশাপাশি ফ্লোরের সবাইকে সেসব খেতে দেন।
সালমানের পথেই হাঁটেন আমির। প্রযোজকের খরচ কমাতে সবসময় সচেতন থাকেন। এমন কি নিজের গাড়ি চালকের খরচও প্রযোজকদের থেকে নেন না। বিষয়টি নিয়ে একবার কথা বলেছিলেন এ অভিনেতা।
বলেছিলেন, “এ প্রজন্মের অভিনেতাদের শুটিংয়ের তুলনায় অন্য বাকি সবকিছুতেই আগ্রহ। এমনকি শুটিংয়ের সময় তারা নিজেদের ব্যক্তিগত খরচ সবটাই প্রযোজকের কাছ থেকে নেন। যা একেবারেই নিয়মবিরুদ্ধ। এভাবে খরচ যদি অকারণ বাড়ে তাহলে তা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর।”
ইউডি/কেএস

