ভূমিকম্পে আতঙ্কে শোবিজ অঙ্গন, তারকারা জানালেন ভয়াবহ অভিজ্ঞতা
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, আপডেট ১৪:৫৫
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মধ্যম মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে শুক্রবার (২১ নভেম্বর)। যার কেন্দ্রস্থল ছিল নরসিংদী। ভয়াবহ অভিজ্ঞতায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারাদেশে। যার হাওয়া বইছে শোবিজ অঙ্গনেও।
সকালে ভূমিকম্পের পরপরই প্রাকৃতিক বির্পয়ের ভয়াহতা সবাইকে জানাতে ফেসবুকে একটি বিপর্যস্ত বাড়ির ছবি আপলোড করেছেন সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব।
ছবিতে দেখা যাচ্ছে, একটি ভাঙা বাড়ির দৃশ্য। যেখানে দেয়ালে ফাটলের তৈরি হয়েছে, প্লাস্টার খসে খসে পড়ছে। ক্যাপশনে কিছুই লেখেননি অর্ণব। ছবিতে স্পষ্ট চরম আতঙ্কে রয়েছেন গায়ক।
অভিনেত্রী সাদিয়া আয়মান আতঙ্কে ফেসবুকে একটি দোয়া উল্লেখ করে লিখেছেন, ‘আলহামদু লিল্লাহিল্লাঝী নাজ্জানি মিনাল-বালা’ (সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে বিপদ থেকে রক্ষা করেছেন)।
অভিনেতা চঞ্চল চৌধুরী ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়ে লিখেছেন, ‘ভূমিকম্পের ভয়ংকর অভিজ্ঞতা! সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন, সৃষ্টিকর্তা সকলকে রক্ষা করুন।’
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ফেসবুকে লিখেছেন, ‘ভূমিকম্প! আশা করি সবাই নিরাপদে আছেন।’
চিত্রনায়িকা পরীমণি লেখেন, ‘জীবন অনিশ্চিত জেনেও জীবনের ছুটে চলা।’
অভিনেত্রী সামিরা খান মাহি একটি সিসিটিভি ফুটেজ আপলোড করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, ভূমিকম্প শুরুর আগেই বিড়ালগুলো এদিক সেদিক দৌড়াতে শুরু করে। এরপরই শুরু হয় ভূমিকম্প। ক্যাপশনে তিনি লেখেন, ‘মনে হচ্ছে আমার বিড়ালগুলো আগে থেকেই বুঝতে পারছিল।’
ভূমিকম্প থেকে বাঁচার পরিস্থিতি নিয়ে একটু ক্ষোভ প্রকাশ করেই ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তিনি লেখেন, ‘মেয়েদের জীবনের থেকে একটা ওড়না বেশি গুরুত্বপূর্ণ।’ এরপর হ্যাশট্যাগ দিয়ে তিনি লেখেন, ভূমিকম্প ফ্যাক্ট।
প্রসঙ্গত, ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশে হওয়ায় সারাদেশেই জনমনে আতঙ্ক বিরাজ করছে। এদিকে সকালের ভূমিকম্প প্রসঙ্গে আবহাওয়া অধিদফতর বলছে, সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে অনুভূত হওয়া এ ভূমিকম্পের রিখটার স্কেলের মাত্রা ছিল ৫.৭। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) জানিয়েছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পনের তীব্রতা ছিল ৫ দশমিক ৫।
ইউডি/রেজা

