শাহবাগে বিসিএস পরীক্ষার্থীদের ওপর পুলিশের জলকামান
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, আপডেট ১৭:৫৫
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিল করতে গেলে শাহবাগে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে পদযাত্রাসহ শিক্ষার্থীরা যমুনা অভিমুখে যেতে চাইলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে পুলিশ তাদের আটকে দেয়। শিক্ষার্থীরা বাধা উপেক্ষা করে যমুনা অভিমুখে যেতে চাইলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় শিক্ষার্থীরা ইট-পাটকেল ছুড়ে মারে। পুলিশ লাঠিচার্জ ও জলকামান ছুড়ে শিক্ষার্থীদের সরিয়ে দেয়। এতে শাহবাগ ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর আগে দুপুরে শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় বিসিএস পরীক্ষার্থীদের পদযাত্রা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রওনা দেন প্রার্থীরা।
পরীক্ষার্থীরা জানান, আগের বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ছয় মাস থেকে এক বছরের সময় দেওয়া হয়েছিল। কিন্তু এবার তাদের প্রস্তুতির সময় কমিয়ে দুই মাসেরও কম রাখা হয়েছে, যা তারা অযৌক্তিক মনে করছেন। তাই তারা লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন।
তারা ২৭ নভেম্বরের মধ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। না হলে আরও কঠোর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ আটটি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার তিন লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন, যেখানে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ জন। প্রিলিমিনারি পরীক্ষার ফল ২৮ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রকাশ করে।
ইউডি/রেজা

