শুরুটা ৫১ রুপিতে, ধর্মেন্দ্র রেখে গেছেন ৪৫০ কোটির সাম্রাজ্য
উত্তরদক্ষিণ। বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, আপডেট ১১:১৫
সাড়ে ছয় দশক আগে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ সিনেমায় কাজ করে হিন্দি সিনেমার প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রর হাতে আসে ৫১ রুপি। দিন কেটেছে অর্থকষ্টে, পেটে দানাপানিও পড়েনি রোজ, তবুও জেদের বশে লেগেছিলেন সিনেমার কাজে। সময় বয়ে গেছে, বলিউডের উত্থান-বদলের সঙ্গে পায়ে পা মিলিয়ে হেঁটেছেন সেই অভিনেতা। তিলে তিলে গড়েছেন বৈভব। প্রায় শূন্য থেকে শুরু করা ধর্মেন্দ্র রেখে গেছেন ৩৩৫ কোটি থেকে ৪৫০ কোটি রুপির সামাজ্য।
টাইমস অব ইন্ডিয়া বলছে, ষাট, সত্তর এবং আশি-এই তিন দশকের চলচ্চিত্রের প্রথম সারির অভিনেতা হিসেবে বিপুল রোজগার করেন ধর্মেন্দ্র। তিনি দিনে তিন থেকে চারটি শিফটে কাজ করতেন এবং খুব কমই কোনো স্ক্রিপ্টে ‘না’ বলতেন। ১৯৮৭ সালে এক বছরে তার সাতটি সফল সিনেমা মুক্তি পায়।
অভিনয়ের পাশাপাশি ধর্মেন্দ্রর আয়ের বড় অংশ এসেছে আবাসন ব্যবসা থেকে। এছাড়াও রয়েছে লোনাভালার ১০০ একরজুড়ে বিস্তৃত ফার্মহাউস। গাছগাছালি, ফুল, ফলের বাগান, গাবাদিপশু-কি নেই সেখানে! এই সম্পত্তির মূল্য কয়েক কোটি রুপি। ইনস্টাগ্রামে প্রায়ই তিনি নিজের খামার, শাকসবজি আর গবাদিপশুর ছবি শেয়ার করতেন।
এছাড়াও মহারাষ্ট্রে অভিনেতার মালিকানাধীন বাড়িগুলোর মূল্য ১৭ কোটি রুপির বেশি। কৃষক পরিবারের এই সন্তান কৃষি ও অকৃষি দুই ধরনেরই জমি কিনেছিলেন; সে সবের মূল্য প্রায় ১.৪ কোটি রুপি। এসবের বাইরে এই অভিনেতার সংগ্রহে ছিল বেশ কিছু বিলাসবহুল গাড়িও আছে।
১৯৮৩ সালে ‘বৈজন্তী ফিল্মস’ নামে নিজের প্রোডাকশন হাউস খোলেন ধর্মেন্দ্র। ছেলে সানি দেওলকে ‘বেতাব’ সিনেমায় পর্দায় এনে শুরু হয় তার চলচ্চিত্র ব্যবসার নতুন অধ্যায়। ‘বেতাব’ ওই বছরের অন্যতম ব্যবসাসফল একটি সিনেমা। এছাড়া ‘বৈজন্তী ফিল্মস’ থেকে ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ ফ্র্যাঞ্চাইজির মত সিনেমা নির্মাণ হয়েছে।
তিনি ‘গরম ধরম ধাবা’ নামে রেস্তোরাঁ চেইনও চালু করেছিলেন ২০২২ সালে। খুলেছিলেন ‘হি-ম্যান’ নামের রেস্তোরাঁও।
ফুসফুসের জটিলতা নিয়ে ধর্মেন্দ্র ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অক্টোবর মাসের শেষ দিকে। হাসপাতাল থেকে পরে বাড়ি ফিরলেও আর সুস্থ হননি তিনি।
‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘আয়ে মিলন কি বেলার’ মত তুমুল জনপ্রিয় হিন্দি সিনেমার অভিনেতা, বলিউড সুপারস্টার ধর্মেন্দ্র দেওল জীবনের ৯০ বছর পূর্ণ করার মাত্র দুই সপ্তাহ বাকি থাকতে চিরবিদায় নেন সোমবার।
ছয় দশক জুড়ে তিন শতাধিক সিনেমায় তিনি জাদু ছড়িয়ে গেছেন। ভারতীয় উপমহাদেশের কয়েক প্রজন্মের দর্শককে তিনি করে রেখেছেন মোহাবিষ্ট।
ধর্মেন্দ্রের শেষ সিনেমা ‘ইক্কিস’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে যা চলতি বছরের বড়দিনে। সিনেমাটি পরিচালনা করেছেন শ্রীরাম রাঘবন।
ইউডি/কেএস

