মাছ ধরাকে কেন্দ্র করে তাড়াশে দুই পক্ষের সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৩০

মাছ ধরাকে কেন্দ্র করে তাড়াশে দুই পক্ষের সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৩০

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, আপডেট ১৫:৫৫

সিরাজগঞ্জের তাড়াশে সুফলভোগী পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, নিমগাছি সমাজ ভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আওতায় সরাপপুর প্রায় আট বিঘা আয়তনের মঙ্গলা পুকুরের সুফলভোগী সদস্য নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। এ নিয়ে উভয়পক্ষ মাছ ছাড়ার দাবি জানায়। শুক্রবার সকালে রাশেদুল ইসলাম রাসুর নেতৃত্বে তার লোকজন মাছ ধরতে গেলে প্রতিপক্ষ নজরুল ইসলামের লোকেরা বাধা দেয়। এতে দুপক্ষই ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে এক অপরকে আক্রমণ করে। এই সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হন।

মুমূর্ষূ অবস্থায় রাশেদুল ইসলাম রাসু (৪৫), আলমাছ উদ্দিন (৫০), শফিকুল ইসলাম (৪০), দেলবর হোসেন (৫০), লজরুল ইসলামকে (৪৫) ঢাকায় পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

তাড়াশ হাসপাতালের ডা. শ্যামল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুরুত্বর আহতদের ঢাকায় রেফার্ড করা হয়েছে।

তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, ঘটনার পরপরই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মামলার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading