ধর্ষণচেষ্টায় ইংল্যান্ড জাতীয় দলের সাবেক খেলোয়াড় গ্রেপ্তার
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৩:৫২
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের খবরে বলা হয়েছে, ২০১০ এর দশকে ইংল্যান্ডের হয়ে খেলা এই ফুটবলারকে স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। তবে আইনি কারণে তার নাম প্রকাশ করা হয়নি।
এসেক্স পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘এক ব্যক্তি ধর্ষণচেষ্টার সন্দেহে গ্রেপ্তার হয়েছেন এবং জিজ্ঞাসাবাদ চলমান থাকায় তাকে ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ পর্যন্ত জামিন দেওয়া হয়েছে।’
গত রবিবার (৩০ নভেম্বর) ঐ খেলোয়াড়কে বিমানে ওঠার আগেই বর্ডার ফোর্স কর্মকর্তারা পাসপোর্ট নিয়ন্ত্রণ চেকপয়েন্টে আটকান বলে জানা গেছে।
দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়, তার তথ্য যাচাইয়ের পর দেখা যায় যে তিনি অতীতের একটি ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশের রাডারে ছিলেন।
ব্রিটেনে সাধারণত গ্রেপ্তার হওয়া কারও নাম পুলিশ প্রকাশ বা নিশ্চিত করে না। ২০১২ সালের লেভেসন তদন্তের পর এই নীতি চালু হয়, যেখানে বলা হয় গ্রেপ্তারকৃত সন্দেহভাজনের নাম ‘স্পষ্টভাবে ব্যতিক্রমী পরিস্থিতি’ ছাড়া প্রকাশ করা উচিত নয়। সাধারণত কোনো সন্দেহভাজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হলে তার নাম প্রকাশ করা হয়।
ইউডি/রেজা

