জিয়াউর রহমানের সমাধিস্থলে তারেক রহমান, নেতাকর্মীদের ঢল
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৭:১০
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে শেরেবাংলা নগরে পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪টা ২৭ মিনিটে তার গাড়ি বহর সেখানে আসে।
এর আগে দুপুর ২টা ৫০ মিনিটে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা সংবলিত লাল রঙের বাসে করে গুলশানের বাসা থেকে বের হন তিনি। এ সময় পুরো রাস্তার দুই পাশে দাঁড়ানো নেতাকর্মীরা ব্যানার নিয়ে দাঁড়িয়ে তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। তিনিও তাদেরকে অভিবাদন জানান।
জাতীয় সংসদ ভবনের পেছনে আগে থেকেই তার অপেক্ষায় বেইলি ব্রিজ ফটকে অপেক্ষায় ছিলেন খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট আহমেদ আযম খান ও ইশরাক হোসেনসহ বিএনপির শীর্ষ নেতারা।
আশপাশে অবস্থান নেন কয়েক হাজার নেতাকর্মী। এ সময় তারেক রহমানের ব্যানার-ফেস্টুন সংবলিত ছবি প্রদর্শন করে নানা স্লোগান দেন তারা। তিনি পৌঁছার পর তাকে একনজর দেখার জন্য নেতার্মীরা ব্যাপক ভিড় করেন।
পূর্ব নির্ধারিত এ কর্মসূচি শেষে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধোর উদ্দেশে রওনা হবেন তিনি।
এরআগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দেশে ফিরে পুর্বাচল তিনশ ফিট সড়কে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা ও দলীয় চেয়ারপারসন খালেদাকে দেখে গুলশানের বাসভবন যান তিনি।
ইউডি/রেজা

