তারেক রহমানের অপেক্ষায় জাতীয় স্মৃতিসৌধে লাখো নেতাকর্মী
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২২:৪০
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অপেক্ষায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেতাকর্মীরা ভিড় করেছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় স্মৃতিসৌধের সামনে প্রায় লাখো নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড থেকে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত প্রায় লাখো নেতাকর্মী উপস্থিত হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাভারে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এ ছাড়া বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ফেস্টুন, ব্যানার নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে মিছিল নিয়ে এসে জড়ো হয়েছেন।
ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ বলেন, আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন। তাই আমরা দুপুর থেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেতাকর্মীরা উপস্থিত আছি।
আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, আমরা এই দিনটির জন্য অপেক্ষা করেছি। আমাদের নেতা তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করেছেন এবং তিনি সাভারে আসছেন। তাই আমাদের নেতাকে শুভেচ্ছা জানাতে লাখো মানুষ এসে ভিড় করেছে।
এর আগে শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তারেক রহমান তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং কবর জিয়ারত করেন। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন।
ইউডি/এআর

