খালেদা জিয়ার জানাজা পড়াবেন কে?

খালেদা জিয়ার জানাজা পড়াবেন কে?

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৭:২০

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।মির্জা ফখরুল জানান, বেগম জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা শেষে তাঁকে সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত কণ্ঠে মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে লড়াই করেছেন। তাঁর প্রয়াণে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এই গভীর শোক ও বেদনা সহ্য করা আমাদের জন্য অত্যন্ত কঠিন।’

তিনি আরও বলেন, ‘আমরা এই শোককে শক্তিতে রূপান্তর করতে চাই। দেশনেত্রীর আদর্শকে ধারণ করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’জানাজা ও দাফন কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। শোকাভিভূত নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আগামীকাল একটি অত্যন্ত আবেগঘন দিন। আমি দলের সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা অত্যন্ত ধৈর্য ও শৃঙ্খলার সাথে জানাজায় শরিক হবেন। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন।’এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজা ও দাফন রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় সাধারণ মানুষের ঢল নামার সম্ভাবনা থাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনাও জারি করা হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading